কোহলির সঙ্গে বন্ধুত্বের ‘খরচ’ নিয়ে যা বললেন ডু প্লেসি

বিয়ে করেছেন, সংসারও করছেন। কিন্তু জীবনের সবচেয়ে খরুচে সম্পর্ক কোনটি—এমন প্রশ্নে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির উত্তর বিরাট কোহলি। তাঁর দাবি, তাঁর জীবনের সবচেয়ে ব্যয়বহুল সম্পর্কের নাম ভারতের এই ব্যাটসম্যান।
তবে এটি কোনো প্রেমের গল্প নয়। ডু প্লেসির ভাষায়, এই ব্যয়ের কারণ দামি ঘড়ির নেশা। কোহলি হলেন ‘দ্য ওয়াচ গাই’—এমন একজন মানুষ, যাঁর সঙ্গে কয়েক মিনিট কাটালেই ঘড়ির প্রতি ভালোবাসা বেড়ে যেতে বাধ্য। সমস্যা হলো, সেই ভালোবাসার মাশুল দিতে হয় নিজের পকেট থেকে।
ইএসপিএনক্রিকইনফোর একটি অনুষ্ঠানে সতীর্থ ডেল স্টেইনের সঙ্গে আলাপচারিতায় ডু প্লেসি বলেছেন, ‘বিরাট কোহলির সঙ্গে কয়েক মিনিট সময় কাটালেই ঘড়ি সম্পর্কে বুঝতে শুরু করবেন। সে ঘড়ি কেনার পাগল! দ্য ওয়াচ গাই। এত ঘড়ি কেনে, আর তার হাতেও অনেক বেশি টাকা!’
কথাটা শুনে ডেল স্টেইন একটু ভিন্ন যুক্তি দিলেন। কোহলি ক্রিকেটের মহাতারকা; উপহার হিসেবেও নিশ্চয়ই অনেক দামি ঘড়ি পান, সব ঘড়ি কি আর নিজের টাকায় কেনেন? ডু প্লেসি অবশ্য সেই যুক্তি মানতে নারাজ। তাঁর সোজাসাপটা উত্তর, ‘না, না, সে নিজেই কেনে!’
ডু প্লেসি জানালেন, বিশ্বের সবচেয়ে ভালো ও দুর্লভ ঘড়ির বিশাল সংগ্রহ আছে কোহলির। সুইজারল্যান্ডের নামী ব্র্যান্ড রোলেক্স, পাতেক ফিলিপ, অদেমার পিগে, কার্তিয়ে ও পানারাই তাঁর সংগ্রহে আছে। কোহলি কোথাও ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিলেই ঘড়িপ্রেমীদের মধ্যে শুরু হয়ে যায় গবেষণা—হাতে কোন ব্র্যান্ডের ঘড়ি, মডেল কী, দাম কত।
এই ঘড়ির নেশাই ডু প্লেসিকে ‘বিপদে’ ফেলেছে। একসময় তাঁর মনে হতো, একটা ঘড়ির পেছনে এত টাকা খরচ করার কোনো মানে হয় না। কিন্তু কোহলির সঙ্গে মিশতে মিশতে সেই ধারণা বদলে গেছে। ডু প্লেসির কথায়, ‘এরপর আমার জীবনের সবচেয়ে খরুচে সম্পর্ক তৈরি হলো ওর সঙ্গে। কারণ, ও আমাকে এমন সব ঘড়ি কিনিয়েছে, যেগুলো আমার কোনো দিনই কেনা উচিত হয়নি।’
কোহলি ও ডু প্লেসির সম্পর্ক অবশ্য শুধু ঘড়ি কেনাকাটার নয়। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন দুজন। কোহলিকে সরিয়ে সেই সময় দলটির অধিনায়কত্ব পান ডু প্লেসি।
২০২৫ মৌসুমের আগে ডু প্লেসিকে ছেড়ে দেয় বেঙ্গালুরু। পরে তিনি খেলেন দিল্লি ক্যাপিটালসে। ২০২৬ আইপিএলের জন্য নিলামে নাম লেখানোর সিদ্ধান্ত নেননি দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান।




