ভারত থেকে আনা ১৮ রেলকোচ পাকশী ট্রাফিক বিভাগে হস্তান্তর, ১৯ নভেম্বর চালু হচ্ছে পাবনা এক্সপ্রেস

নীলফামারীর সৈয়দপুর রেল কারখানায় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান শেষে ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচ রেলওয়ের পাকশী ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে পাকশী বিভাগের প্রতিনিধিদের হাতে কোচগুলো তুলে দেওয়া হয়।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই কোচগুলো দিয়েই আগামী ১৯ নভেম্বর পাবনা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হবে এবং সেদিন থেকেই বাণিজ্যিক চলাচল শুরু হবে। নতুন এই ট্রেনটি পাবনা এক্সপ্রেস নামে চলবে বলে সৈয়দপুর কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ জানিয়েছেন।
কোচগুলো হস্তান্তর করা হয় সহকারী যান্ত্রিক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম (সিএন্ডডাব্লিউ-২) ও ঈশ্বরদীর প্রধান ট্রেন পরীক্ষক তন্ময় সরকারের হাতে। হস্তান্তরের পর কোচগুলো পাকশীর উদ্দেশে সৈয়দপুর ছেড়ে যায়।
এর আগে গত ১৭ অক্টোবর ভোর ৪টার দিকে ভারত থেকে প্রথম চালানের এই ১৮টি কোচ সৈয়দপুর রেল কারখানায় পৌঁছায়। সেখানে কোচগুলোর বিশেষ ডিপ্রসেসিং, যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিংয়ের কাজ করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ৮ নভেম্বর কোচগুলো দিয়ে রেলপথে পরীক্ষামূলক ট্রায়াল রান করানো হয়। সেই চলাচলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক আহম্মদ মাসুম, ভারত থেকে ২০০ কোচ আমদানি প্রকল্পের প্রকল্প পরিচালক জয়দুল ইসলাম ও সৈয়দপুর কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ ট্রেনে ছিলেন। ট্রায়াল রান শেষে সেদিনই কোচগুলো পঞ্চগড় থেকে আবার সৈয়দপুর কারখানায় ফিরিয়ে আনা হয়।
শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ট্রায়াল রানে কারখানার প্রকৌশলীদের সঙ্গে ভারতীয় বিশেষজ্ঞ দলও যুক্ত ছিল। তারা গতিবেগসহ নানা কারিগরি দিক পরীক্ষা করেছে। ট্রায়াল রানের ফলাফল মূল্যায়নের পর কিছু কারিগরি কাজ সম্পন্ন করে কোচগুলো ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে।
ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি এই কোচগুলোতে অ্যান্টি-টেলিস্কোপিক ও অ্যান্টি-ক্লাইম্বিং বৈশিষ্ট্য রয়েছে, ফলে দুর্ঘটনা বা সংঘর্ষের সময় কোচ একে অপরের ওপর উঠে যাবে না। পুরোনো স্ক্রু কাপলিংয়ের বদলে উন্নত সিবিসি কাপলিং থাকায় চলার সময় ঝাঁকুনি অনেক কম হবে।
কোচগুলোতে ছোট শিশুসহ যাত্রীদের জন্য আলাদা শিশু পরিচর্যা কক্ষ, প্রার্থনার ব্যবস্থা, আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা, ভাঁজ করা যায় এমন আসন, সুসংহত সিসিটিভি নজরদারি ও যাত্রীদের জরুরি প্রয়োজনের জন্য প্যাসেঞ্জার অ্যালার্ম ব্যবস্থা রয়েছে। অতিরিক্ত ওজন বহনের উপযোগী করে কোচগুলোর কাঠামোও শক্তিশালী করা হয়েছে।




