ভিসা আবেদনে সঠিক তথ্য দিন, দালালের কাছে যাবেন না: মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী ভিসাপ্রত্যাশীদের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সোমবার (১৬ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য কি না, তা নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের।
ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট আবেদনকারীকে নিজেই নিতে হবে বলে দূতাবাস জানিয়েছে।
প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত সদস্য বা বন্ধুর সহায়তা নেওয়া যেতে পারে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।
তবে ভিসাসংক্রান্ত কাজে তৃতীয় পক্ষ বা দালালের সেবা নেওয়া এবং এ জন্য অতিরিক্ত ফি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
এর আগে ভিজিটর ভিসা নিয়ে দেওয়া আরেকটি পোস্টে মার্কিন দূতাবাস জানায়, আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন বলে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত না হলে তিনি ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।
ওই পোস্টে আরও বলা হয়, ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্বও আবেদনকারীর নিজের।
