ইমার্জিং নেশনস ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশের মেয়েরা
আইসিসি মেয়েদের ইমার্জিং উইমেনস নেশনস ক্রিকেট ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে হেরে গেছে বাংলাদেশ। গ্রুপপর্বের ম্যাচে ডাচ মেয়েরা ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের ইমার্জিং দল সংগ্রহ করে ১২৯ রান।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন দিলারা আক্তার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আউট হন ২০ রানে। রাবেয়া খান ও শারমিন আক্তার করেন ১৯ রান করে।
নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে হেদার সিগার্স একাই শিকার করেন ৪ উইকেট। হ্যানা ল্যান্ডহির নেন দুটি উইকেট। কারলেইন কোলউইক ও আইরিস জভিলিং নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ১৯ দশমিক ৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে দুই বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ডাচরা।
নেদারল্যান্ডসের জয়ের নায়ক মিডলঅর্ডার ব্যাটার স্টেরে কেলিস, তিনি অপরাজিত থাকেন ৬৮ রানে। ওপেনার বাবেট লিড করেন ১৭ রান, ফিবি মোলকেনবোয়ার আউট হন ২০ রানে। শেষদিকে ফ্রেডরিক ওভারদ্বিজ অপরাজিত থাকেন ১২ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে স্পিনার রাবেয়া খান নেন ২টি উইকেট। আরেক স্পিনার সানজিদা আক্তার মেঘলা নেন একটি উইকেট, পেসার রিতুমণিও নেন একটি উইকেট।



