১১ বছর পর মাঠে ফিরলেন রোনালদিনহো, তাঁর পাস থেকেই গোল, রাভেনার জয় ২-০
দীর্ঘ ১১ বছরের অবসর ভেঙে ৪৬ বছর বয়সে আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় স্তরের লিগ সিরি সির দল রাভেনার হয়ে ফোরলির বিপক্ষে ডার্বি ম্যাচে শুরুর একাদশে মাঠে নামেন ২০০৫ সালের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার। ম্যাচে রাভেনা ২-০ গোলে জিতেছে।
ম্যাচের আগে শনিবার দলের সঙ্গে মাত্র একবার অনুশীলন করেছিলেন রোনালদিনহো। ম্যাচপূর্ব গ্রাফিক্সে তাঁকে বাঁ প্রান্তে দেখানো হলেও মাঠে তিনি মূলত মিডফিল্ডার হিসেবে খেলেন। প্রথমার্ধ শেষে রাভেনা ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় তাঁকে তুলে নেওয়া হয়।
নিজে গোল না পেলেও দলের প্রথম গোলে তাঁর অবদান ছিল। তাঁর দেওয়া পাসের সূত্র ধরে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন জিউলিও দোনাতি। এর আগে একটি কর্নার থেকে দোনাতির জন্য তিনি সুযোগ তৈরি করেছিলেন, যা প্রতিপক্ষের এক ডিফেন্ডার হেডে ক্লিয়ার করেন।
ক্যারিয়ারে এ পর্যন্ত ২৯৯ গোল করা রোনালদিনহোর আশা ছিল, দল পেনাল্টি পেলে গোল করে ৩০০তম গোলের মাইলফলক ছোঁবেন। তবে এই ম্যাচে সেই সুযোগ তিনি পাননি।
তাঁর প্রত্যাবর্তন ঘিরে স্টেডিও ব্রুনো বেনেলিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সব টিকিট বিক্রি হয়ে যাওয়া ম্যাচে রোনালদিনহো ও তাঁর বিখ্যাত জার্সি নম্বরকে সম্মান জানিয়ে 'আর১০' নামে একটি অস্থায়ী গ্যালারি তৈরি করা হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হয়।
প্রথমার্ধের বিরতিতে তাঁকে ঘিরে সাংবাদিকদের ব্যাপক ভিড় তৈরি হয়। এ সময় মাঠে এসে তাঁর সঙ্গে যোগ দেন ব্রাজিল ও এসি মিলানের সাবেক সতীর্থ দিদা। গত আগস্টে রাভেনার বিনিয়োগকারী হিসেবে যুক্ত হওয়ার পর এবার খেলোয়াড় হিসেবে মাঠে নামলেন রোনালদিনহো।
ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়াকে রোনালদিনহো বলেন, মাঠে ফেরা এবং ড্রেসিংরুমে সময় কাটানো তাঁর জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। রাভেনার হয়ে আবার খেলবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ক্লাবের প্রেসিডেন্ট ডাকলে তিনি আবার মাঠে নামতে প্রস্তুত। সিরি সি গ্রুপে রাভেনা দ্বিতীয় স্থানে আছে।
রোনালদিনহো সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ, বার্সেলোনার হয়ে ২০০৬ সালের চ্যাম্পিয়নস লিগ এবং বার্সা ও এসি মিলানের হয়ে লিগ শিরোপা জিতেছেন তিনি। ২০০৫ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), গ্রেমিও, ফ্ল্যামেঙ্গো, অ্যাটলেটিকো মিনেইরো ও মেক্সিকোর ক্লাব কেরেতারোর হয়েও খেলেছেন রোনালদিনহো।



