খুলনা নগর ভবনে পেট্রলবোমা হামলার পর নিরাপত্তা জোরদার, সোমবার থেকে যৌথ বাহিনীর টহল

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের পর শহরের গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ত্রাস দমনে আজ সোমবার থেকে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। হামলার ঘটনায় কেসিসির পক্ষ থেকে মামলা করার প্রস্তুতিও চলছে।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশে আগুন ছড়িয়ে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় লোকজন ও পুলিশের যৌথ তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
আজ দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সাম্প্রতিক নাশকতা ও হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য এবং সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে। জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
নজরুল ইসলাম মঞ্জু জানান, গত সপ্তাহে খুলনার জুলাই স্মৃতিস্তম্ভেও দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করেছিল; ওই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘খুলনায় সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারকে বলেছি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। সে কারণেও সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে, সেটিও আমরা উড়িয়ে দিতে পারি না।’
নগর ভবন পরিদর্শনের সময় খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, দুষ্কৃতকারীদের শনাক্ত করা গেছে এবং খুব দ্রুত ফল পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন। একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে বলেও তিনি জানান।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ বলেন, ‘নগর ভবনে বোমা হামলার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হবে। মামলার প্রস্তুতি চলছে।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, সন্ত্রাস দমনে সোমবার থেকে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে; সন্দেহভাজন এলাকাগুলোতে যৌথ বাহিনী একসঙ্গে চলাচল করবে। তিনি জানান, গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আগে থেকেই নিরাপত্তা ছিল; নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের পর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে।
বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, সরকারি ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে; বিশেষ করে রাতে নজরদারি জোরদার করা হয়েছে।
এ ছাড়া খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে জেলার ৯টি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালাচ্ছে জেলা পুলিশ। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং নির্মূলেও এই অভিযান পরিচালিত হচ্ছে।
জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং অবৈধ যান চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও তাঁদের বহন করা ব্যাগপত্রও তল্লাশি করা হচ্ছে। তিনি জানান, অভিযানে মাদক ব্যবসা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের চেকপোস্ট ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



