মনোযোগ হারানো আর একটি ছোট ভুলেই সেমিতে হার বাংলাদেশের, ফাইনালের আগে বললেন ভারতের কোচ মুসা
দীর্ঘ ২৩ বছর পর ঘরের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন বুনেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলে হামজা চৌধুরীর মতো তারকা, শমিত সোমের মতো মিডফিল্ডার এবং রাকিব হোসেনের মতো ফরোয়ার্ড থাকায় শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল পুরো দেশ। তবে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সেই স্বপ্ন ভেঙে গেছে এবং অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে।
সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি দেখেছেন ভারতের কোচ নওশাদ মুসা। ফাইনালের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাঁর কাছে জানতে চাওয়া হয়, ম্যাচটি তিনি দেখেছিলেন কি না এবং দেখলে বাংলাদেশের হারের কারণ কী ছিল বলে তাঁর মনে হয়।
উত্তরে দীর্ঘদিন যুব দলের দায়িত্ব পালন করে আসা মুসা বলেন, ‘হ্যাঁ, আমি ম্যাচটি দেখেছি। একটি ম্যাচে পুরো সময় মনোযোগ ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে, বাংলাদেশ মনোযোগ হারিয়েছিল এবং সেই সুযোগে গোল হজম করেছে। একটি ছোট ভুল ছিল।’
মুসা আরও বলেন, ‘ফুটবলে প্রতিটি ম্যাচেই ছোট ছোট বিষয় গুরুত্বপূর্ণ। আপনি সামান্য সুযোগ দিলেও প্রতিপক্ষ আপনাকে শাস্তি দিতে পারে।’
নিজের দলের অভিজ্ঞতা টেনে মুসা বলেন, ‘আমাদের প্রথম পাকিস্তান ম্যাচের কথাই ধরুন। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের চার মিনিটে আমরা দুটি গোল হজম করেছিলাম। এই পর্যায়ের ফুটবলে মনোযোগ হারানোর কোনো সুযোগ নেই।’
পাকিস্তান দল নিয়ে মুসা বলেন, ‘পাকিস্তানের আমাদের বিপক্ষে যে দলটি খেলেছিল, বাংলাদেশের বিপক্ষে যে দলটি খেলেছে, দুটি দল কিন্তু আলাদা ছিল। বাংলাদেশকে হারানোর পরও আমাকে এই প্রশ্ন করা হয়েছিল। আমি তখন বলেছিলাম, আমি যে পাকিস্তানের বিপক্ষে খেলেছি, সেটি পূর্ণ শক্তির দল ছিল না। তাদের বেশ কয়েকজন খেলোয়াড় তখন দলে ছিল না। আমি তখনই বলেছিলাম, সেই খেলোয়াড়েরা ফিরে এলে পাকিস্তান সম্পূর্ণ ভিন্ন একটি দল হয়ে উঠবে।’
ফাইনালের প্রস্তুতি নিয়ে ভারতের কোচ বলেন, ‘অবশ্যই আমরা তাদের বিশ্লেষণ করেছি। তারা কীভাবে খেলে, কী ধরনের কৌশল ব্যবহার করে, সবকিছুই পর্যবেক্ষণ করেছি। তাই আগামীকাল একটি আকর্ষণীয় ম্যাচ দেখতে পাবেন।’
ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফের দ্বিতীয় সেমিফাইনালে ৮৬ মিনিটে পাকিস্তানের কাছে গোল হজম করে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ।
এরপর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের প্রশংসা করেন পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো। সাফে হারলেও বাংলাদেশ দলকে সমর্থন করে যেতে বলেন পেরুর সাবেক এই খেলোয়াড়।



