জোহানেসবার্গ টেস্টে হামজার ৮৩ রানের ইনিংস থামালেন মুমিনুল, ভাঙল ২০২ রানের জুটি

জোহানেসবার্গে প্রথম টেস্টে বাংলাদেশের বোলারদের দীর্ঘ সময় ভুগিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার জুবায়ের হামজা। অবশেষে তাঁর ৮৩ রানের ইনিংস থামিয়ে স্বস্তি ফেরালেন মুমিনুল হক। নিজের প্রথম ওভারেই হামজাকে ফেরান এই বাঁহাতি স্পিনার।
১২৯ বলে ১২টি চারে ৮৩ রান করে ফেরেন হামজা। এর আগে মারকাস অ্যাকারম্যানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটি গড়েন তিনি।
হামজা ফিরলেও উইকেটে টিকে আছেন অ্যাকারম্যান। ১৩৬ বলে ১১৫ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। ৪৪ ওভার ৪ বল শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেটে ২১৫ রান। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও মুমিনুল নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলতে পারে মাত্র ১৭ ওভার ২ বল। আগের দিনের ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে অলআউট হওয়ার আগে বাকি চার উইকেটে সফরকারী দল তুলতে পারে ৭৩ রান। প্রথম ইনিংসে ঠিক ৪০০ রানেই অলআউট হয় বাংলাদেশ।
প্রথম দিনে কঠিন সময়ে তাওহীদ হৃদয় ও লিটন দাসের ব্যাটে প্রতিরোধ গড়ে দিনটি নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করে ফিরেছিলেন হৃদয়।
বাজে শুরুতে যে চাপে পড়েছিল বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার শুরুটাও হয়েছিল তেমনই। দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে নাজমুল হোসেন শান্তরা মাঠ ছাড়েন স্বস্তি নিয়েই।




