…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

মানিকগঞ্জের কাউটিয়া গ্রামে বটতলায় নবান্ন উৎসব, ধান কাটায় যোগ দিলেন বিদেশি অতিথিরাও

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের কাউটিয়া গ্রামে বটতলায় নবান্ন উৎসব, ধান কাটায় যোগ দিলেন বিদেশি অতিথিরাও
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামে সোমবার অগ্রহায়ণের প্রথম দিনে নবান্ন উৎসব হয়েছে। গ্রামের প্রাকৃতিক কৃষি খামারে আয়োজিত এই উৎসবে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা এবং নেদারল্যান্ডস, ভারত ও ইন্দোনেশিয়া থেকে আসা অতিথিরা অংশ নেন।

সকালে স্থানীয় কৃষকদের সঙ্গে এক বিঘা জমির ধান কাটায় অংশ নেন অতিথিরা। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন নেদারল্যান্ডসের সুইচ ফার্মাসিজন, ভারতের সীতা দত্ত ও অজয় বড়াল এবং ইন্দোনেশিয়ার কৃষি উদ্যোক্তা পেতোনি-আগুস সালিম। এ ছাড়া উপস্থিত ছিলেন আমিনা আনসারী, রূপ শিখা বানু, হেলাল হেদায়েত ইসলাম ও রাজিব আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উৎসবে কাউটিয়া, জাবরা, বানিয়াজুরী, বালিয়াখোড়া, আশাপুর, সিংজুরী, পেঁচারকান্দা ও বাষ্টিয়াসহ আশপাশের অন্তত ২০ গ্রামের কিষান-কিষানিরা যোগ দেন। মাঠে ধান কাটা ও মাড়াইয়ের পাশাপাশি ঢেঁকিতে ধান ভানার আয়োজনও ছিল।

ধান কাটা ও মাড়াই শেষে নতুন ধান নিয়ে যাওয়া হয় ঢেঁকিঘরে। সেখানে গানের তালে ধান ভানা হয় এবং নারীরা নাচেও অংশ নেন। নতুন চালের গুঁড়া, ডাবের পানি, নারকেল, কলা ও গুড় দিয়ে তৈরি করা হয় মুঠো পিঠা, সেমাই পিঠা ও পায়েস, আর সেগুলো কলাপাতায় পরিবেশন করা হয়।

উৎসব প্রাঙ্গণে মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, তাঁতের গামছা ও শাড়ির মেলা বসে। কাগজের ফুলে সাজানো হয় আয়োজনস্থল। ছিল শস্য প্রদর্শনী, আলোচনা, রম্য কৌতুক ও গ্রামীণ খেলাধুলার আয়োজন এবং মধ্যাহ্নভোজে বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবার।

নবান্নের মূল আয়োজন হয় প্রাকৃতিক কৃষি খামারে, আর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয় একই গ্রামের প্রায় ২০০ বছরের পুরোনো বটতলা। সেখানে টাঙ্গাইলের কৃষক ও গীতিকবি আক্কাছ আলী, বাউলশিল্পী আসলাম উদ্দিন বাচ্চু, মো. সাজাহান, সোনাজুদ্দিন ও খোরশেদ বয়াতি গান পরিবেশন করেন। ধান ভানার গান পরিবেশন করেন ডালিয়া আক্তার, মল্লিকা ইয়াসমিন, প্রীজ বেরোজ লিজা, শুকুরজান ও স্থানীয় প্রবীণ কিষানিরা।

সন্ধ্যার পর বটতলায় বসে গাজীর গানের আসর, যেখানে গান পরিবেশন করেন বয়াতি আওলাত গায়েন। পরে ফসলের গান ও ভাব-বৈঠকি গান পরিবেশন করেন তরুণ প্রজন্মের বাউলিয়ানা ফকির সাহেব ও লেনছু বয়াতি।

উৎসবে অংশ নেওয়া স্থানীয় কৃষক কালাচাঁদ বলেন, কৃষকদের নিয়ে এমন আয়োজনে অংশ নিতে পেরে তাঁর খুব ভালো লাগছে। কৃষক ও গবেষক হাসান মাহদী বলেন, বাংলার জীবনঘনিষ্ঠ এসব ঐতিহ্য যুগ যুগ ধরে এই অঞ্চলের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যকে পরিচিত করে তোলা হচ্ছে।

আলোচনা পর্বে বক্তব্য দেন প্রাকৃতিক কৃষি গবেষক ইফতেখার আলী, প্রকৃতি গবেষক ওমর ফারুক, নিরাপদ কৃষি খাদ্য প্রচেষ্টা ফাউন্ডেশনের সচিব অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, কুমিল্লার আইনজীবী বিলকিস আক্তার এবং নারী উদ্যোক্তা ডালিয়া আক্তার।

সভাপতির বক্তব্যে প্রাকৃতিক কৃষি কেন্দ্রের সমন্বয়কারী দেলোয়ার জাহান বলেন, সাধারণত অগ্রহায়ণের শুরুতে আমন ধান ঘরে তোলার সময় নবান্ন উৎসব হয় এবং এবার অষ্টমবারের মতো এই আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে নবান্নের রং ও কৃষকের পরিশ্রমের গল্প পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি, এবং গ্রামে গ্রামে এ ধরনের উৎসব আরও বেশি আয়োজন করা প্রয়োজন বলে মত দেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

এক দশকে কৃষিঋণ বিতরণ দ্বিগুণ, খেলাপি বেড়েছে সাড়ে তিন গুণের বেশি: বাংলাদেশ ব্যাংক

গত এক দশকে দেশে কৃষি খাতে ঋণ বিতরণ দ্বিগুণের বেশি বাড়লেও এর চেয়েও দ্রুতগতিতে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ। গত রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ…

গাইবান্ধায় গোলাম কিবরিয়ার ‘গাছের হাসপাতাল’: বিনা মূল্যে সারে রোগাক্রান্ত চারা
কৃষি

গাইবান্ধায় গোলাম কিবরিয়ার ‘গাছের হাসপাতাল’: বিনা মূল্যে সারে রোগাক্রান্ত চারা

গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায় উদ্যোক্তা গোলাম কিবরিয়ার (৩৭) ‘ফারমার্স মার্কেট অ্যান্ড নার্সারি’কে স্থানীয় লোকজন ‘গাছের হাসপাতাল’ নামে চেনেন। সেখা…