ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগকে সার্ভার দিল গ্রামীণফোন, ব্যবহৃত হবে পাঠদান ও গবেষণায়
শিক্ষার্থীদের পাঠদান, ল্যাবরেটরি কার্যক্রম ও একাডেমিক গবেষণায় সহায়তার লক্ষ্যে এক পার্টনারশিপের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগকে সার্ভার দিয়েছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই উদ্যোগ বিভাগটির কম্পিউটিং রিসোর্স শক্তিশালী করতে সাহায্য করবে। একই সঙ্গে গ্রামীণফোনের নেটওয়ার্ক আধুনিকায়নের সময় অব্যবহৃত হয়ে পড়া সরঞ্জামগুলোর পুনর্ব্যবহারও নিশ্চিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের পাঠদান ও গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, টেলিযোগাযোগ, সেমিকন্ডাক্টর ডিভাইস, নবায়নযোগ্য শক্তি ও রোবোটিক্স। জটিল সিমুলেশন পরিচালনা, বিশাল আকারের ডেটাসেট বিশ্লেষণ এবং বিভিন্ন মডেল তৈরি ও পরীক্ষা করার জন্য বাড়তি সার্ভারের প্রয়োজনীয়তা মেটাবে এই সরঞ্জাম।
সম্প্রতি রাজধানীর জিপি হাউসে গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ ও চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুনায়েবুর রশিদ, সহযোগী অধ্যাপক আনিকা আজিজ, সহযোগী অধ্যাপক ড. মো. মিনারুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. খালেদা আলী উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিনিধিরাও অনুষ্ঠানে ছিলেন।
গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন বলেন, তরুণদের ডিজিটাল ও এআই দক্ষতায় বলীয়ান করা গ্রামীণফোনের ডিজিটাল অন্তর্ভুক্তি কার্যক্রমের মূল বিষয়। তিনি বলেন, প্রতিষ্ঠানটি চায় সারা দেশের তরুণদের ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও শেখার সুযোগ থাকুক, যাতে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের জ্ঞানকে ব্যবহারিক দক্ষতায় রূপান্তর করতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম বলেন, প্রকৌশল শিক্ষা ও গবেষণার জন্য কম্পিউটিং রিসোর্সের সহজলভ্যতা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গ্রামীণফোনের এই সহায়তা ইইই বিভাগের ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং সিমুলেশন, ডেটা বিশ্লেষণ ও গবেষণা প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান প্রয়োগের আরও বেশি সুযোগ তৈরি করবে বলে তিনি উল্লেখ করেন।




