মৃত্যুর পরও ন্যু ক্যাম্পে থাকার সুযোগ বার্সা সমর্থকদের, ২৬ হাজার খোপ নিয়ে ‘মেমোরিয়াল’
বার্সেলোনা ক্লাবের আজীবন সমর্থকরা মৃত্যুর পরেও প্রিয় ক্লাবের কাছে নিজের উপস্থিতি বজায় রাখতে পারবেন। তবে এই সুযোগের জন্য গুনতে হবে মোটা অঙ্কের অর্থ।
ন্যু ক্যাম্প স্টেডিয়ামের সংস্কারের অংশ হিসেবে কাতালান ক্লাবটি চালু করেছে ‘মেমোরিয়াল এফসি বার্সেলোনা’। সেই স্থানের দেয়ালে ২৬ হাজার কুলুঙ্গি বা খোপ আছে, যেখানে ভক্তরা মৃত্যুর পর নিজেদের চিতাভস্ম রেখে দিতে পারবেন অর্থের বিনিময়ে।
মেমোরিয়ালে জায়গা নিতে ১০ বছরের জন্য খরচ হবে ২,৪৯০ ইউরো (প্রায় সাড়ে ৩ লাখ টাকা) এবং ৫০ বছরের জন্য ৬,০০০ ইউরো (৮ লাখ টাকার বেশি)। পাশাপাশি প্রতিবছর ৭০ ইউরো (প্রায় সাড়ে ৯ হাজার টাকা) রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে।
চিরকালের জন্য জায়গাটি নিশ্চিত করতে চাইলে খরচ হবে ১০,০০০ ইউরো (প্রায় ১৪ লাখ টাকার কাছে)। আর স্মৃতিফলকের জন্য দিতে হবে আরও ৪৯০ ইউরো (প্রায় ৬৭ হাজার টাকা)।
প্রকল্পটির কথা তুলে ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট মারিয়া এলেনা ফোর্ট বলেছেন, ‘অনেক বছর আগে আমার দাদা মারা যাওয়ার সময় বলেছিলেন, তিনি কেবল এটুকুই চান যেন তাঁকে বার্সেলোনার মাঠের পাশে সমাহিত করা হয়। যাতে মৃত্যুর পরেও তিনি গোল হওয়ার শব্দ শুনতে পান। অনেক ভক্তেরই এমন স্বপ্ন থাকে।’
এই স্মৃতিস্থলে চারটি বড় আলোকিত বর্গাকার কাঠামো থাকবে। স্মৃতিফলকগুলো বসানো হবে এলইডি আলোয় আলোকিত একটি কাঁচের দেয়ালে। চিতাভস্মের পাত্রগুলো রাখা হবে এমন একটি ম্যুরালের পেছনে, যা ক্লাবের ১২৫ বছরের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরবে।
স্পেনের প্রতিদ্বন্দ্বী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল বেটিস ও এস্পানিওলের স্টেডিয়ামে আগে থেকেই ছোট আকারের এমন স্মৃতিস্থল রয়েছে।
বার্সেলোনা ২০২৭ সালে এই প্রকল্পের কাজ শুরু করবে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে ১ হাজারের বেশি বার্সা সমর্থক মেমোরিয়ালের কুলুঙ্গিতে জায়গা ভাড়া করে ফেলেছেন। তাঁদের দেওয়া অর্থ স্টেডিয়াম পুনর্নির্মাণের বিশাল ব্যয় মেটাতে ব্যবহৃত হবে।
২০২৩ সালে ক্লাবটি স্টেডিয়ামের ধারণক্ষমতা ৯৯,৩৫৪ থেকে বাড়িয়ে ১,০৫,০০০ করার প্রকল্প হাতে নেয়। এটি ওয়েম্বলি স্টেডিয়ামের চেয়ে ১৫,০০০ আসন বেশি এবং উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ের রুংরাডো ফার্স্ট অব মে স্টেডিয়ামের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল ভেন্যুতে পরিণত হবে।
সংস্কারকাজের ব্যয় শুরুতে ৯০০ মিলিয়ন ইউরো ধরা হলেও বর্তমানে তা ২ বিলিয়ন ইউরোর কাছাকাছি পৌঁছেছে। চলতি বছরের শেষ নাগাদ স্টেডিয়ামে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে ন্যু ক্যাম্পের ছাদ বসানোর কাজ চলাকালীন ক্লাবটি আগামী মৌসুমের কিছু অংশ অলিম্পিক স্টেডিয়ামে হোম ভেন্যু হিসেবে খেলবে।



