স্লো ওভার রেটে আইসিসির শাস্তি পাকিস্তান ও শ্রীলঙ্কার, জরিমানার সঙ্গে পয়েন্ট কর্তন

স্লো ওভার রেটের কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির কথা নিশ্চিত করেছে। পাকিস্তানকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই কারণে শ্রীলঙ্কার জরিমানা ম্যাচ ফির ৫০ শতাংশ। এই অপরাধে দুই দলই এক পয়েন্ট করে হারাবে।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণেই মূলত দুই দল এই শাস্তি পেয়েছে। মাঠের দুই আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও রড টাকার, তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি এই অভিযোগ আনেন। ম্যাচ রেফারি ডিন কস্কার এই শাস্তি দিয়েছেন।
পাকিস্তান সেই ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে ৫ ওভার কম বোলিং করেছিল। শ্রীলঙ্কার ঘাটতি ছিল ১৫ ওভার। সময়ের ছাড় হিসাব দেওয়ার পর তা বিবেচনা করা হয়েছে।
আইসিসির প্লেয়ার ও সাপোর্টিং স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী স্লো ওভার রেটে প্রত্যেক কম ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানার নিয়ম রয়েছে।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস প্রত্যেকেই অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। তাতে এ ব্যাপারে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এদিকে রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা শ্রীলঙ্কার জন্য ভুলে যাওয়ার মতো ছিল। টস হেরে আগে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা ৩৫ দশমিক ৩ ওভারে ৯৮ রানে গুটিয়ে গেছে। জবাবে পাকিস্তান ৩৭ দশমিক ২ ওভারে ৩ উইকেটে ১২১ রানে দিনের খেলা শেষ করেছে; তাদের লিড কেবল ২৩ রানের।




