অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে মোস্তাকিমের গোলে ম্যাকাওকে ১-০ গোলে হারাল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাকাওকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের সৌদ বিন সাকার আল কাসিমি স্টেডিয়ামে ম্যাকাওয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের কিশোরেরা।
বাছাইয়ে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে হেরেছিল দলটি। তবে দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন করে বাংলাদেশ।
তৃতীয় ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে এসে ৬৮ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন মোস্তাকিম। তাঁর এই গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।
এরপর ম্যাচে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিশ্চিত করে কোচ লুডভিক ডি ক্রুইফের শিষ্যরা। ভুটানের পর ম্যাকাওয়ের বিপক্ষে জয়ে বাছাইয়ে টানা দ্বিতীয় জয় পেল লাল-সবুজের প্রতিনিধিরা।



