কারাগার থেকে পাঠানো রাসেল ব্র্যান্ডের ‘আমি নির্দোষ’ বার্তা নিয়ে তদন্ত শুরু

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে সাজাপ্রাপ্ত ব্রিটিশ কৌতুকাভিনেতা রাসেল ব্র্যান্ডের কারাগার থেকে পাঠানো একটি বার্তা জরুরি ভিত্তিতে তদন্ত করছে কর্তৃপক্ষ। বার্তায় ব্র্যান্ড বলেছেন, তিনি ‘নির্দোষ’।
রোববার দম্পতির সাপ্তাহিক ‘সানডে সার্ভিস’ ইউটিউব ভ্লগের একটি পর্বে ব্র্যান্ডের স্ত্রী লরা ব্র্যান্ড একটি খাতা থেকে ওই বার্তাটি পড়ে শোনান। বার্তায় ব্র্যান্ড জানান, তিনি বর্তমানে এইচএমপি লিটলহি কারাগারে আছেন, যেটি যৌন অপরাধে দণ্ডিতদের কারাগার।
বার্তাটি প্রকাশ্যে আসার পরপরই প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের একজন মুখপাত্র ডেডলাইনকে দেওয়া বিবৃতিতে বলেন, ‘এটি স্পষ্টতই জঘন্য এবং জরুরি ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা আশা করি।’
মুখপাত্র আরও বলেন, ভুক্তভোগীদের মানসিক যন্ত্রণা দেয় এমন বিবৃতি দেওয়া বন্দীদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ, এবং গণমাধ্যমে কথা বলার অনুমতি কেবল ব্যতিক্রমী ক্ষেত্রে দেওয়া হয়। অন্য কাউকে দিয়ে নিজের মন্তব্য প্রকাশ করিয়েও বন্দীরা এই নিয়ম এড়াতে পারেন না।
ব্র্যান্ডকে ৯ নভেম্বর ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। সাজা ঘোষণার সময় বিচারক জাস্টিস জোয়েল বেনাথান বলেন, নারীদের প্রত্যাখ্যানের অধিকারের প্রতি ব্র্যান্ড ‘অবহেলাপূর্ণ ও অহংকারী অবজ্ঞা’ দেখিয়েছেন।
বিচারক বলেন, প্রায় ২০ বছর আগে বিখ্যাত হয়ে ওঠার সময় ব্র্যান্ড বুদ্ধিমান, অনেকের চোখে মজার ও আকর্ষণীয় ছিলেন, কিন্তু তিনি একজন যৌন শিকারিতেও পরিণত হয়েছিলেন। একটি যৌন নিপীড়নকে ‘জঘন্য’ বলে বর্ণনা করে বিচারক বলেন, খ্যাতি মানেই নিজের ইচ্ছেমতো আচরণ করা যায়—এমন বিশ্বাসই ব্র্যান্ডের আচরণে প্রতিফলিত হয়েছে।
স্কাই নিউজের তথ্য অনুযায়ী, রায়ের পর তিনজন প্রহরী ব্র্যান্ডকে ডক থেকে নিয়ে যাওয়ার সময় তিনি স্ত্রীর দিকে ফিরে মাথা নেড়ে বলেন, ‘আমরা ঠিক হয়ে যাব।’ লরা উত্তরে মুখে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি, আমি ঠিক থাকব।’
ব্র্যান্ড অভিযোগগুলো অস্বীকার করেছিলেন। অতিরিক্ত দুটি ধর্ষণের অভিযোগ ও একটি অশালীন আক্রমণের চেষ্টার অভিযোগ থেকে তিনি খালাস পান। বিবিসির তথ্য অনুযায়ী, রায়ের পরপরই তাঁকে হেফাজতে নেওয়া হয়।
৫১ বছর বয়সী ব্র্যান্ডের বিরুদ্ধে ১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ছয়জন নারীর ক্ষেত্রে তিনটি ধর্ষণ, তিনটি যৌন নিপীড়ন ও একটি অশালীন আক্রমণের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল।
গত বছর এক্সে পোস্ট করা একটি ভিডিওতে ব্র্যান্ড সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ব্রিটিশ সরকার ও আইনি ব্যবস্থার সমালোচনা করেছিলেন এবং অভিযোগগুলো নিয়ে সরাসরি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তিনি মাদকাসক্ত, যৌনাসক্ত ও নির্বোধ ছিলেন, কিন্তু কখনো ধর্ষক ছিলেন না এবং কখনো অসম্মতিমূলক কোনো কাজে জড়াননি।

