তিন বছরে আসছে বিআরটিসির ১ হাজার বৈদ্যুতিক বাস, ঢাকায় ২০০টি, নারীদের জন্য ৫০টি গোলাপি বাস
দেশের গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব ও আধুনিক করতে আগামী তিন বছরে এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকায় প্রাথমিকভাবে ২০০টি বাস চালুর পরিকল্পনা রয়েছে। বাকি ৮০০টি বাস দেশের বিভিন্ন অঞ্চলের রুটে পরিচালনা করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যাত্রীসেবার মান উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গণপরিবহন সেবার মান উন্নয়নের লক্ষ্যে বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় প্রথম পর্যায়ে ৫০টি বৈদ্যুতিক বাস আনার কথা রয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে রাজধানীতে ২০০টি বাসের বহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
নতুন বৈদ্যুতিক বাসের বহরে নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পিত বাসগুলোর মধ্যে ৫০টি হবে গোলাপি রঙের। এসব বাস শুধু নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি বাসগুলো হবে লাল রঙের সাধারণ সার্ভিসের বাস, যেখানে নারী-পুরুষ উভয়েই চলাচল করতে পারবেন।
বাসগুলোর আকারেও থাকবে পার্থক্য। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসের দৈর্ঘ্য হবে ৯ মিটার এবং সাধারণ সার্ভিসের লাল বাসের দৈর্ঘ্য হবে ১২ মিটার। এসব বাস পরিচালনার জন্য ঢাকায় রক্ষণাবেক্ষণ ও কারিগরি সুবিধা নিশ্চিত করতে পর্যাপ্ত জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে। তবে বাসগুলোর আসনসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।
বৈদ্যুতিক পিংক বাস পরিচালনায় নারী চালক তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ জন্য হালকা যানবাহন চালানোর লাইসেন্সধারী নারীদের ভারী যানবাহন চালানোর উপযোগী করে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম জানান, এই প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের সম্পূর্ণ বিনামূল্যে এক থেকে চার মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করেছে। এবার আরও উন্নত সেবা দিতে শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ফাতিমা বেগমের ভাষ্য, পিংক বাস সার্ভিস চালুর পর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এটি মুনাফা অর্জনের উদ্দেশে পরিচালিত হচ্ছে না; বরং মহানগরীসহ সারাদেশে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য। এখন রক্ষণশীল পরিবারের সদস্যরাও নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন। এতে দেশে ও বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ২০৩০ সালের মধ্যে তা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে তরুণদের দক্ষ চালক হিসেবে গড়ে তুলছে বিআরটিসি। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ রোড সেফটি প্রকল্প এবং এডিবির অর্থায়নে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় নতুন চালকদের বিনামূল্যে হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুটি প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী এই প্রশিক্ষণ নিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
ফাতিমা বেগম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরি হলে তারা দেশে-বিদেশে সম্মানজনক বেতনে চাকরির সুযোগ পাবেন। বিভিন্ন জরিপে নারী চালকদের তুলনামূলক সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর বিষয়টি উঠে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
নারী চালকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিষয়ে বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান জানান, প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণদের প্রয়োজন অনুযায়ী দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে করপোরেশনের বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান অনুসরণ করা হবে। ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালক নিয়োগের ক্ষেত্রেও প্রশিক্ষণপ্রাপ্ত এসব প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ থাকবে। তবে তাদের আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে হবে।
সব মিলিয়ে এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা শুধু গণপরিবহনে নতুন প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে জ্বালানি সাশ্রয়, পরিবেশ সুরক্ষা, নারী যাত্রীদের নিরাপত্তা এবং দক্ষ চালক তৈরির কর্মসংস্থানমুখী পরিকল্পনা।



