…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

মুক্তিযুদ্ধের বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ঢাকায় ২১-২৯ নভেম্বর ফরাসি সপ্তাহ, ঘোষণা রাষ্ট্রদূত সেরে-শার্লের

নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ঢাকায় ২১-২৯ নভেম্বর ফরাসি সপ্তাহ, ঘোষণা রাষ্ট্রদূত সেরে-শার্লের
ছবি: সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ফরাসি ঔপন্যাসিক অঁদ্রে মালরোর প্রয়াণের ৫০তম বার্ষিকী স্মরণে আগামী শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ। ৯ দিনব্যাপী এই আয়োজন চলবে ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার তাঁর বাসায় এক সংবাদ সম্মেলনে ফরাসি সপ্তাহ উদ্‌যাপনের ঘোষণা দেন।

অঁদ্রে মালরোকে স্মরণের পাশাপাশি ফরাসি সংস্কৃতিকে বাংলাদেশিদের সঙ্গে পরিচিত করে দেওয়াকে এই সপ্তাহ উদ্‌যাপনের উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত সেরে-শার্লে। তিনি বলেন, ফ্রান্স ও বাংলাদেশ ঘনিষ্ঠ অংশীদার। দুই দেশের সম্পর্ক সমৃদ্ধ ও দীর্ঘদিনের। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে ফ্রান্স।

রাষ্ট্রদূত আরও বলেন, অঁদ্রে মালরো ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রণাঙ্গনে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মালরোর প্রয়াণের ৫০তম বার্ষিকীর এই সময়ে তিনি যে পদচিহ্ন রেখে গেছেন, সেটিই স্মরণ করা হচ্ছে।

ফ্রান্সের নন্দিত সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অঁদ্রে মালরো একাত্তরে স্বাধীনতা আন্দোলনের পক্ষে বৈশ্বিক জনমত তৈরিতে সরব ভূমিকা রেখেছিলেন। এটি বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায়।

১৯৭৩ সালের এপ্রিলে বাংলাদেশ সফরে আসেন অঁদ্রে মালরো। তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম ও কাপ্তাইয়ে যান তিনি। ওই সময় তাঁকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি দিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়।

শোষিত মানুষের পক্ষে অবস্থানের পাশাপাশি ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী হিসেবে ১৯৫৯ সালে অঁদ্রে মালরোর দায়িত্ব নেওয়ার কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, ‘ফরাসি সংস্কৃতির উদ্‌যাপন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সেই সংস্কৃতি অন্যদের কাছে পরিচিত করাটাও গুরুত্বপূর্ণ।’

ঢাকায় ফ্রান্স দূতাবাস জানিয়েছে, ফরাসি সপ্তাহ উপলক্ষে ঢাকার বিভিন্ন ভেন্যুতে ফরাসি সংস্কৃতি, শিল্প, রন্ধনশিল্প এবং ইতিহাস নিয়ে বিভিন্ন আয়োজন থাকবে। এই আয়োজনে মুক্তিযুদ্ধ জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ, আর্টিস্ট ক্লাব লিমিটেড এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালকে সঙ্গী হিসেবে পাশে পেয়েছে ফ্রান্স দূতাবাস।

অনুষ্ঠানে জানানো হয়, অঁদ্রে মালরোর অবদান ও বাংলাদেশের প্রতি তাঁর সংহতির স্মরণে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ২২ নভেম্বর ‘অঁদ্রে মালরো মেমোরি ওয়াল’ বা স্মৃতিফলক স্থাপন করা হবে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা অঁদ্রে মালরো গার্ডেন ও স্মৃতিসৌধের সামনে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করবে। এসব উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের ঐতিহাসিক বন্ধুত্বের স্মারক সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সপ্তাহব্যাপী আয়োজনে আরও থাকছে ফরাসি পরিবেশনাশিল্পের সমৃদ্ধি তুলে ধরতে অপেরা পরিবেশনা। আর্টিস্ট ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সের একজন সংগীতশিল্পী ও একজন পিয়ানোবাদক অংশ নেবেন।

আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা আয়োজন করবে দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব। এতে বিভিন্ন আলোকচিত্রী জনজীবনের দৈনন্দিন মুহূর্ত ও জনপরিসরের নানা দৃশ্য ক্যামেরায় তুলে ধরবেন এবং নিজেদের কাজ ও অভিজ্ঞতা ভাগ করে নেবেন।

এ ছাড়া ফরাসি চলচ্চিত্র পরিচালক ভিনসেন্ট মুন চলচ্চিত্রবিষয়ক একটি মাস্টারক্লাস পরিচালনা করবেন। নারীর অধিকার ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নিয়েও একটি বিশেষ আয়োজন থাকবে, যার আয়োজন করবে ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)।

খাদ্যরসিকদের জন্য থাকছে ফরাসি খাবার উৎসব। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এ উৎসবে ফরাসি শেফ প্যাট্রিক কানে ফ্রান্সের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পরিবেশন করবেন। পাশাপাশি হোটেল ও পর্যটন খাতে পেশা গড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি মাস্টারক্লাসও পরিচালনা করবেন তিনি।

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রঁসোয়া চোমব্রো, আর্টিস্ট ক্লাবের নির্বাহী সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের পরিচালক (অপারেশন, ফুড অ্যান্ড বেভারেজ) ওলিভিয়ে লোরো বক্তৃতা করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ইউরোপ বিভাগের আরও খবর

প্রাইড অনুষ্ঠানে ইউনিফর্ম পরে পুলিশের মিছিলে নিষেধাজ্ঞার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, আসছে নতুন নিরপেক্ষতার মানদণ্ড
ইউরোপ

প্রাইড অনুষ্ঠানে ইউনিফর্ম পরে পুলিশের মিছিলে নিষেধাজ্ঞার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, আসছে নতুন নিরপেক্ষতার মানদণ্ড

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ প্রাইড অনুষ্ঠানে ইউনিফর্ম পরে পুলিশ কর্মকর্তাদের মিছিলে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে…

ইউরোপ

বার্নহ্যামের ‘১০ বছরের পরিকল্পনা’ প্রকাশের সম্ভাব্য তারিখ ১৭ ডিসেম্বর, ক্রিসমাস ছুটির আগের শেষ অধিবেশন দিবস

লন্ডন: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের ‘১০ বছরের পরিকল্পনা’ প্রকাশের জন্য ১৭ ডিসেম্বর তারিখটি পেনসিলে লিখে রেখেছেন ডাউনিং স্ট্রিটের ক…

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলাকারীদের ব্রিটিশ আইনে বিচার চাইলেন সাবেক ১৫ উপদেষ্টা
ইউরোপ

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলাকারীদের ব্রিটিশ আইনে বিচার চাইলেন সাবেক ১৫ উপদেষ্টা

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও তাঁর সহকর্মীদের ওপর হামলায় জড়িত ব্যক্তি এবং উসকানিদাতাদের ব্রিটি…

খারকিভে পুরোনো গ্যাস পাইপলাইনের ভেতরে সাত মাস ধরে ভূগর্ভস্থ যুদ্ধে ইউক্রেনীয় সেনারা
ইউরোপ

খারকিভে পুরোনো গ্যাস পাইপলাইনের ভেতরে সাত মাস ধরে ভূগর্ভস্থ যুদ্ধে ইউক্রেনীয় সেনারা

ইউক্রেনের যুদ্ধে নতুন একটি ফ্রন্ট তৈরি হয়েছে মাটির নিচে। খারকিভ অঞ্চলে সোভিয়েত আমলের একটি পুরোনো গ্যাস পাইপলাইনের ভেতরে গত সাত মাস ধরে রুশ সেনাদের স…