…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

পূর্ব লন্ডনে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার ভিডিও ছড়িয়ে বহিষ্কারের দাবি ফারাজসহ ডানপন্থী ব্রিটিশ রাজনীতিবিদদের

নিজস্ব প্রতিবেদক
পূর্ব লন্ডনে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার ভিডিও ছড়িয়ে বহিষ্কারের দাবি ফারাজসহ ডানপন্থী ব্রিটিশ রাজনীতিবিদদের
ছবি: সংগৃহীত

পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের হামলার ঘটনা নিয়ে সরব হয়েছেন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনীতিবিদেরা। স্থানীয় সময় সোমবার রাতে চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে এই হামলা হয়।

ঘটনাটি ঘটে চ্যাডওয়েল হিথ এলাকার দ্য মেফেয়ার ভেন্যুতে সোমবার (১৬ নভেম্বর) রাতে নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনার পর। আয়োজক ও উপস্থিত অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নাহিদ ইসলাম নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে পৌঁছান। অনুষ্ঠান শেষে তিনি কড়া নিরাপত্তার মধ্যে হলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান। তিনি চলে যাওয়ার পর বাইরে বিক্ষোভকারী আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে এনসিপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়।

মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেসকে জানিয়েছেন, সোমবার রাত ৯টা ৫৯ মিনিটে (লন্ডন সময়) হাই রোডে গোলযোগের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন প্রায় ৫০ জন ব্যক্তির একটি দল বিক্ষোভ করছিল। সংঘর্ষের পর তিনজনকে হাসপাতালে নেওয়া হয়, তবে তাঁদের কারও আঘাত প্রাণঘাতী নয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং তখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজও চেয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকে ওই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে রাতে লন্ডনের আবাসিক এলাকার সড়কে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, হাতাহাতি ও মারামারির দৃশ্য দেখা যায়।

এই মারামারির একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। পোস্টে তিনি লিখেছেন, গত রাতে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিদের দলগুলো এমন একটি রাজনৈতিক বিরোধ নিয়ে মারামারি করছিল, যার সঙ্গে যুক্তরাজ্যের কোনো সম্পর্কই নেই। তিনি লেখেন, বিদেশি সংস্কৃতি আমদানি করা হয়েছে এবং এখন তাদের নিজেদের মধ্যকার সংঘাত রাস্তায় ঘটতে দেখা যাচ্ছে। ব্রিটেন ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ে আসে এমন যেকোনো বিদেশি নাগরিককে রিফর্ম বহিষ্কার করবে।

রিফর্ম ইউকের হোম অ্যাফেয়ার্স-বিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফও ফেসবুকে সংঘর্ষের ভিডিও শেয়ার করেছেন। তিনি এই ঘটনার জন্য কনজারভেটিভ (টোরি) পার্টি ও লেবার পার্টির অভিবাসননীতিকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধের জেরে বাংলাদেশি পুরুষেরা পূর্ব লন্ডনের রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং টোরি ও লেবার পার্টির নিয়ন্ত্রণহীন ব্যাপক অভিবাসননীতি ব্রিটিশ জনগণকে এই পরিস্থিতি উপহার দিয়েছে। পোস্টের শেষে নিজের দলের প্রতি সমর্থন চান তিনি।

অভিবাসনবিরোধী দল রিস্টোর ব্রিটেনের নেতা ও সংসদ সদস্য রুপার্ট লো ফেসবুকে হামলার ভিডিও শেয়ার করে লেখেন, রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা অন্য বাংলাদেশিদের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন। রিস্টোর ব্রিটেন সরকার গঠন করলে এদের সবাইকে বহিষ্কার করবে বলে তিনি লেখেন।

কট্টর ডানপন্থী ও অভিবাসনবিরোধী অ্যাকটিভিস্ট টমি রবিনসনও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘটনার অন্তত দুটি ভিডিও শেয়ার করেছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, গত রাতে লন্ডনের হ্যাভারিং বরোর রমফোর্ডে বাংলাদেশের দুটি রাজনৈতিক পক্ষের সমর্থকদের মধ্যে রাস্তায় সহিংস সংঘর্ষ হয়েছে। পোস্টে তিনি বাংলাদেশিদের উদ্দেশে অবমাননাকর ভাষা ব্যবহার করে তাঁদের ফেরত পাঠানোর দাবি জানান।

সংঘর্ষের ঘটনাস্থল চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত। ওই আসনের সংসদ সদস্য জাস আথওয়াল এক্সে ভিডিও শেয়ার করে ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, পুলিশ ও স্থানীয় কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে জোরালো তদন্ত, পুলিশের টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের শান্তি ও নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে বলেও তিনি লেখেন।

রমফোর্ডের সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেল স্থানীয় সংবাদমাধ্যম দ্য হ্যাভারিং ডেইলিকে স্পষ্ট করেছেন, ঘটনাটি তাঁর নির্বাচনী এলাকা রমফোর্ডে ঘটেনি; চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ আসনের অন্তর্ভুক্ত। সংসদ সদস্য কেটি ল্যামও এক্সে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, গত রাতে পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলো সংঘর্ষে জড়িয়েছে। এভাবে চলতে পারে না উল্লেখ করে তিনি লেখেন, কেউ এই দেশে এলে বিদেশের বিবাদ পেছনে ফেলে আসতে হবে।

ব্রিটিশ রাজনীতিকদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের আরও কয়েকটি অ্যাকাউন্ট থেকেও হামলার ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হচ্ছে। ‘জিবি পলিটিকস’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করে লেখা হয়, গত রাতে লন্ডনের রমফোর্ডে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা নিয়ে বাংলাদেশি অভিবাসীরা রাস্তায় মারামারি করেছেন।

তবে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের মধ্যে কারা ব্রিটিশ নাগরিক, কারা স্থায়ী বাসিন্দা কিংবা কারা অন্য কোনো অভিবাসন মর্যাদায় যুক্তরাজ্যে বাস করছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের অভিবাসন পরিচয় নিশ্চিত না করেই তাঁদের বহিষ্কারের দাবি উঠেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ইউরোপ বিভাগের আরও খবর

প্রাইড অনুষ্ঠানে ইউনিফর্ম পরে পুলিশের মিছিলে নিষেধাজ্ঞার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, আসছে নতুন নিরপেক্ষতার মানদণ্ড
ইউরোপ

প্রাইড অনুষ্ঠানে ইউনিফর্ম পরে পুলিশের মিছিলে নিষেধাজ্ঞার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, আসছে নতুন নিরপেক্ষতার মানদণ্ড

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ প্রাইড অনুষ্ঠানে ইউনিফর্ম পরে পুলিশ কর্মকর্তাদের মিছিলে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে…

ইউরোপ

বার্নহ্যামের ‘১০ বছরের পরিকল্পনা’ প্রকাশের সম্ভাব্য তারিখ ১৭ ডিসেম্বর, ক্রিসমাস ছুটির আগের শেষ অধিবেশন দিবস

লন্ডন: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের ‘১০ বছরের পরিকল্পনা’ প্রকাশের জন্য ১৭ ডিসেম্বর তারিখটি পেনসিলে লিখে রেখেছেন ডাউনিং স্ট্রিটের ক…

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলাকারীদের ব্রিটিশ আইনে বিচার চাইলেন সাবেক ১৫ উপদেষ্টা
ইউরোপ

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলাকারীদের ব্রিটিশ আইনে বিচার চাইলেন সাবেক ১৫ উপদেষ্টা

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও তাঁর সহকর্মীদের ওপর হামলায় জড়িত ব্যক্তি এবং উসকানিদাতাদের ব্রিটি…

খারকিভে পুরোনো গ্যাস পাইপলাইনের ভেতরে সাত মাস ধরে ভূগর্ভস্থ যুদ্ধে ইউক্রেনীয় সেনারা
ইউরোপ

খারকিভে পুরোনো গ্যাস পাইপলাইনের ভেতরে সাত মাস ধরে ভূগর্ভস্থ যুদ্ধে ইউক্রেনীয় সেনারা

ইউক্রেনের যুদ্ধে নতুন একটি ফ্রন্ট তৈরি হয়েছে মাটির নিচে। খারকিভ অঞ্চলে সোভিয়েত আমলের একটি পুরোনো গ্যাস পাইপলাইনের ভেতরে গত সাত মাস ধরে রুশ সেনাদের স…