ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

সারা দেশে ককটেল বিস্ফোরণ, অগ্নিসন্ত্রাস এবং জনজীবন ও শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন হয়।
মানববন্ধন থেকে শিক্ষকেরা সরকারের কাছে দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমান মানববন্ধনে বলেন, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের সমর্থক গোষ্ঠী ও নিষিদ্ধ সংগঠনগুলো আবারও দেশকে অস্থিতিশীল ও উত্তপ্ত করার ষড়যন্ত্র করছে।
অধ্যাপক লুৎফর রহমান সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের সহনশীলতা এবং সহিংসতা এড়িয়ে চলার পদক্ষেপের প্রশংসা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, গণতান্ত্রিক সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। দলীয় কর্মীদের লেলিয়ে না দিয়ে প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
অধ্যাপক মহিউদ্দিন বলেন, দলীয় বলপ্রয়োগের পরিবর্তে প্রশাসনের মাধ্যমে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার এই পদক্ষেপ প্রকৃত আইনের শাসন ও গণতান্ত্রিক শাসনের পরিচয় বহন করে।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে রাজপথে নামার মূল লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে এবং প্রত্যেক নাগরিকের বেঁচে থাকা, মতপ্রকাশ, প্রতিবাদ ও অন্যান্য মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে।
অধ্যাপক সামিনা লুৎফা বলেন, সেই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি এবং শিক্ষার্থীদের দুর্বিষহ পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানান।
সভাপতির বক্তব্যে ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার টগর বলেন, গত ১৬-১৭ বছর ধরে একটি গোষ্ঠী গণতন্ত্রের লেবাস পরে দেশে খুন, গুম ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সচেতন ছাত্র-জনতা তাদের প্রত্যাখ্যান করে দেশ থেকে বিতাড়িত করেছে।
অধ্যাপক কাউসার টগর বলেন, এখন তারা আগুন-সন্ত্রাস কিংবা সন্ত্রাসী কায়দায় আবার ফিরে আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তিনি বলেন, তাদের অপকর্মের কারণেই তারা নিষিদ্ধ হয়েছে।
মানববন্ধন সঞ্চালনা করেন আইবিএর অধ্যাপক মহিউদ্দিন আহমেদ। আরও বক্তব্য দেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক আবদুর রব, ফিন্যান্স বিভাগের অধ্যাপক মাহবুব উদ্দিন চৌধুরী, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক শাইক ইমতিয়াজ, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক আলমগীর হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের রুমানা পারভীন।



