ইইউর হুমকিতে নাগরিকত্ব বিক্রির কর্মসূচি গুটিয়ে নিচ্ছে সেন্ট কিটস, অর্থনীতি নিয়ে উদ্বেগ ক্যারিবীয় দেশগুলোতে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভিসামুক্ত প্রবেশাধিকার বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার পর বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার লাভজনক কর্মসূচি গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস ও নেভিস। তবে এই সিদ্ধান্ত দেশটির অর্থনীতি ও অভাবী মানুষের সহায়তার সক্ষমতাকে হুমকিতে ফেলবে বলে সতর্ক করেছেন নেভিস দ্বীপের প্রধানমন্ত্রী মার্ক ব্র্যান্টলি।
শুক্রবার যমজ দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রী টেরান্স ড্রু ঘোষণা করেন, তিনি নাগরিকত্ব-বিনিয়োগ (সিবিআই) কর্মসূচিটি বন্ধ করে দেবেন। ইইউ সেন্ট কিটস ও নেভিসের ভিসামুক্ত প্রবেশাধিকার শেষ করে দেওয়ার হুমকি দেওয়ার পরই এই ঘোষণা এল।
কিছু ক্ষেত্রে স্বায়ত্তশাসন ভোগ করা নেভিসের প্রধানমন্ত্রী মার্ক ব্র্যান্টলি বলেছেন, তিনি বুঝতে পারছেন যে দেশটিকে ‘খুব সামান্যই পছন্দের সুযোগ দেওয়া হয়েছিল’, তবে তিনি ‘কর্মসূচিটি গুটিয়ে নেওয়াকে সমর্থন করেন না’।
৪২ বছর পুরোনো এই কর্মসূচির পথিকৃৎ সেন্ট কিটস ও নেভিস। এই কর্মসূচিতে ধনী বিদেশিরা অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের বিনিময়ে দেশটির নাগরিকত্ব এবং শেষ পর্যন্ত পাসপোর্ট পান। কর্মসূচিটি দেশে শত শত কোটি ডলার এনেছে এবং কোনো কোনো বছর সরকারি রাজস্বের সবচেয়ে বড় অংশই এসেছে এখান থেকে।
গত জুনে ইউরোপীয় কমিশন বর্তমানে সিবিআই কর্মসূচি চালানো পাঁচটি ক্যারিবীয় দেশকে চিঠি দেয়। দেশগুলো হলো সেন্ট কিটস ও নেভিস, ডমিনিকা, অ্যান্টিগা ও বারবুডা, গ্রেনাডা এবং সেন্ট লুসিয়া। চিঠিতে সতর্ক করা হয়, সিবিআই কর্মসূচি পর্যায়ক্রমে বন্ধ না করলে দেশগুলো ২৯ দেশের শেনজেন এলাকায় ভিসামুক্ত প্রবেশাধিকার হারাতে পারে।
শুক্রবারের বিবৃতিতে ড্রু কর্মসূচি ঘিরে উদ্বেগের জন্য আগের প্রশাসনগুলোর অব্যবস্থাপনাকে দায়ী করেন। এর মধ্যে ছিল অন্য দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে বছরের পর বছর কম দামে নাগরিকত্ব বিক্রি, একটি বিতর্কিত কারাগার প্রকল্প, দুর্বল এসক্রো সুরক্ষা এবং বিনিয়োগের অর্থ নাগরিকত্ব ইউনিটে ঠিকমতো জমা না পড়া।
ড্রু বলেন, তাঁর সরকার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়সহ আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে ক্যারিবীয় কর্মসূচিগুলোতে বড় সংস্কার এনেছে। তবে কর্মসূচি চালিয়ে গেলে ইউরোপের কিছু অংশে ভিসামুক্ত ভ্রমণ এবং আন্তর্জাতিক ব্যাংকিং সুবিধা ঝুঁকিতে পড়ত। তাতে বিদেশি কার্ড ব্যবহার করে পর্যটকদের লেনদেন এবং বিদেশে থাকা পরিবারগুলোর দেশে টাকা পাঠানোর মতো সেবা ব্যাহত হতে পারত।
তবে ব্র্যান্টলি যুক্তি দিয়েছেন, বিকল্প শিল্পে রূপান্তরের পথে সহায়তার কোনো প্রস্তাব না দিয়ে সেন্ট কিটস ও নেভিসকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করা ইইউর পক্ষে অন্যায্য। তিনি বলেন, ‘ইইউর পক্ষ থেকে এখনো আমি সহায়তার কোনো অনুরূপ প্রস্তাব দেখিনি। আমাদের বুঝতে হবে, এই নাগরিকত্ব-বিনিয়োগ কর্মসূচিগুলো শুধু সেন্ট কিটস ও নেভিসে নয়, ক্যারিবীয় অঞ্চলের ছোট দেশগুলোতেও আমাদের মোট দেশজ উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রেখেছে এবং আমাদের মানুষ যাতে পানি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো পর্যাপ্ত সুবিধা পায়, তা নিশ্চিত করেছে।’
কর্মসূচিটি পর্যায়ক্রমে বন্ধ করতে ইইউ যে ২০২৮ সালের ১ জুনের সময়সীমা দিয়েছে, তাকে ব্র্যান্টলি ‘স্পষ্টতই হাস্যকর’ বলে বর্ণনা করেছেন।
নিজের বিবৃতিতে ড্রু বলেন, সিবিআই কর্মসূচি ‘অনেক ভালো কাজ করেছে, তবে এটি একটি বিপদও তৈরি করেছে’। তিনি আরও বলেন, ‘যখন একটি উৎস সবকিছুর অর্ধেক বা তার বেশি জোগান দেয়, তখন আপনি তার দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। সেটি বন্ধ হলে সবকিছু বন্ধ হয়ে যায়। এটা সব ডিম এক ঝুড়িতে রাখার মতো।’
প্রধানমন্ত্রী ড্রু বলেন, পর্যটন, ইয়টিং এবং ডিজিটাল ও সৃজনশীল শিল্পসহ বিভিন্ন খাত শক্তিশালী করে অর্থনীতিকে বহুমুখী করাই সরকারের লক্ষ্য। পরিষ্কার ভূতাপীয় শক্তি বিক্রি এই পরিকল্পনার ‘কেন্দ্রে’ রয়েছে এবং এর জন্য খনন ও অনুসন্ধানের পরিকল্পনা ইতিমধ্যে নেওয়া হয়েছে বলে তিনি জানান। ড্রু বলেন, ‘আমি ভান করব না যে পথটি সহজ। সিবিআই থেকে অর্থ কমে গেলে আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে ব্যয় করতে হবে এবং সতর্কভাবে পরিকল্পনা করতে হবে। আমরা তা-ই করব। আমাদের পরিকল্পনা হলো অর্থনীতি বাড়িয়ে এই পরিবর্তন আনা। কর বাড়ানো এই পরিকল্পনার অংশ নয়।’
অ্যান্টিগা ও বারবুডাও কর্মসূচিটি শেষ করার ইচ্ছা প্রকাশ করেছে, তবে তারা দীর্ঘতর রূপান্তরকাল নিয়ে দর-কষাকষির চেষ্টা করছে। ইইউর দাবির বিষয়ে পাঁচটি ক্যারিবীয় সরকার ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গ্রেনাডা জানিয়েছে তারা ২০৩২ সাল পর্যন্ত কর্মসূচি চালিয়ে যেতে চায়, আর ডমিনিকা ও সেন্ট লুসিয়া কর্মসূচি শেষ করার বিষয়ে প্রকাশ্যে প্রতিশ্রুতি না দিয়ে ব্রাসেলসকে জবাব দিয়েছে।




