বৈদ্যুতিক গাড়ির নিয়ম শিথিল না করতে ব্রিটিশ মন্ত্রীদের সতর্ক করল জলবায়ু উপদেষ্টারা
যুক্তরাজ্য সরকার বৈদ্যুতিক গাড়ি নিয়ে নিয়ম শিথিল করলে আইনগতভাবে বাধ্যতামূলক নেট-জিরো লক্ষ্য পূরণ নাও হতে পারে বলে সতর্ক করেছেন সরকারের শীর্ষ জলবায়ু উপদেষ্টা। পরিবহনমন্ত্রী হাইডি আলেক্সান্ডারকে লেখা এক চিঠিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তন কমিটির চেয়ার নাইজেল টপিং বুধবার প্রকাশিত চিঠিতে বলেন, শূন্য-নিঃসরণ গাড়ি (জেডইভি) ম্যান্ডেট দুর্বল করা হলে জীবাশ্ম জ্বালানির বাজারের ওপর দেশটির ঝুঁকি বাড়বে। তাঁর ভাষায়, বড় রপ্তানি বাজারগুলো দ্রুত বৈদ্যুতিক গাড়ির দিকে যাওয়ার সময়ে এটি ‘দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা-সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত’ করবে।
টপিং লিখেছেন, বিদ্যমান নিয়ম বজায় রাখা হলে মানুষকে পেট্রল থেকে বৈদ্যুতিক গাড়িতে যেতে উৎসাহ দিয়ে একটি সাধারণ পরিবারের খরচ বছরে প্রায় ৮০০ পাউন্ড কমানোর সুযোগ আছে।
জেডইভি ম্যান্ডেট অনুযায়ী, গাড়ি শিল্পকে নতুন গাড়ি বিক্রিতে শূন্য-নিঃসরণ গাড়ির অনুপাত বাড়াতে হয়, যাতে ২০৩৫ সালের মধ্যে তা ১০০ শতাংশে পৌঁছায়।
মন্ত্রীরা আগস্ট থেকে অন্তর্বর্তী লক্ষ্য বদল নিয়ে পরামর্শ করছেন। তাঁরা ২০৩০ সালের মধ্যে বিক্রির ৮০ শতাংশ বৈদ্যুতিক করার অন্তর্বর্তী লক্ষ্য কমানোর প্রস্তুতি নিচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
জলবায়ুমন্ত্রী কেটি হোয়াইট গত সপ্তাহে পলিটিকোকে বলেন, সরকার ‘জেডইভি ম্যান্ডেটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’, তবে গতিপথ নিয়ে ‘কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি’।
টপিং তাঁর চিঠিতে সরকারের একটি প্রভাব-মূল্যায়নের কথা উল্লেখ করেন। তাতে বলা হয়েছে, প্রধান জেডইভি লক্ষ্য কমালে ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যে জ্বালানি ব্যবহার বছরে ১ কোটি ৫০ লাখ ব্যারেল তেলের সমপরিমাণ পর্যন্ত বাড়তে পারে। টপিং বলেন, বর্তমান দামে এর খরচ হবে ১০০ কোটি পাউন্ডের বেশি।
কমিটি আরও সতর্ক করেছে, নিয়ম বদলালে ভ্যানচালকেরা ডিজেলের উচ্চ খরচের ঝুঁকিতে পড়বেন। যুক্তরাজ্যের গাড়ি খাতে বিনিয়োগও ঝুঁকিতে পড়তে পারে, যেখানে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ইতিমধ্যে জার্মানি ও ফ্রান্সের মতো দেশের চেয়ে পিছিয়ে আছে।
সরকারের একজন মুখপাত্র বলেন, ২০৩০ সালের মধ্যে সব নতুন পেট্রল ও ডিজেল গাড়ি পর্যায়ক্রমে বন্ধ করা এবং ২০৩৫ সালের মধ্যে সব নতুন গাড়ি ও ভ্যানের বিক্রি শূন্য-নিঃসরণ করার প্রতিশ্রুতিতে সরকার অটল আছে। আইনগতভাবে বাধ্যতামূলক নেট-জিরো লক্ষ্যেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখপাত্রের ভাষায়, ম্যান্ডেট নিয়ে পরামর্শে এই প্রতিশ্রুতি বদলাবে না এবং জেডইভি রূপান্তরে ‘বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ’ পথ নেওয়া হবে।



