১৩ বছরের অপেক্ষার অবসান ঘটছে বৃহস্পতিবার: জিটিএ সিক্স ঘিরে অস্ট্রেলিয়ায় ‘গেমিংয়ের চন্দ্রাভিযান’

তেরো বছর অপেক্ষার পর আসছে গ্র্যান্ড থেফট অটোর নতুন কিস্তি জিটিএ সিক্স। বৃহস্পতিবারের এই প্রকাশকে ঘিরে অস্ট্রেলিয়াজুড়ে প্রস্তুতি নিচ্ছেন গেমাররা, আর ভক্তদের ভাষায় এটি হতে যাচ্ছে গেমিং ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা।
জিটিএ সিক্সের জগৎ কাল্পনিক লিওনিডা রাজ্য ও তার মিয়ামির আদলে গড়া মহানগর ভাইস সিটি। গেমটি নিয়ে বিস্তারিত তথ্য খুব কমই প্রকাশ করেছে নির্মাতা রকস্টার গেমস। তবে প্রচারের অংশ হিসেবে ফ্লোরিডার রাস্তায় সুপারকার চালানো, একটি সংগীত উৎসবের পরিকল্পনা আর ধাপে ধাপে ছোট ছোট ক্লিপ প্রকাশ করে কৌতূহল বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্বজুড়ে গেমটি প্রকাশ পাবে বৃহস্পতিবার ১৯ নভেম্বর মধ্যরাতে। সেই সময় হিসেবে নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার গেমাররাই সবার আগে গেমটি খেলার সুযোগ পাবেন।
অনলাইন কনটেন্ট নির্মাতা জো র্যান্ডল, যিনি টোস্টেডশুজ নামে পরিচিত, গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে বলেছেন, ‘এটি এখন পর্যন্ত গেমিংয়ের সবচেয়ে বড় ঘটনা। এটি সুপার বোলের মতো নয়, যেটি প্রতি বছর হয়। আমি এটিকে গেমিংয়ের চন্দ্রাভিযান বলব।’
র্যান্ডলসহ অন্য স্ট্রিমাররা গেম প্রকাশের ঠিক আগে টুইচে লাইভে যাবেন এবং রাতভর ঘণ্টার পর ঘণ্টা স্ট্রিম করবেন; এর পরপরই ইউটিউবে ভিডিও আসবে। তাঁর ভাষায়, ভক্ত হিসেবে এই সময়টি ‘অবিশ্বাস্য রকমের রোমাঞ্চকর’ এবং তিনি বছরের পর বছর এই দিনের অপেক্ষায় ছিলেন।
প্রকাশের পরিসরও বিশাল। রকস্টার কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি, তবে ধারণা করা হচ্ছে গেমটি তৈরি করতে ১৫০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে। প্রি-অর্ডারের হিসাব ১ কোটি ৬০ লাখ কপির দিকে এগোচ্ছে, অর্থাৎ প্রকাশের আগেই গেমটি ২২০ কোটি ডলারের বেশি আয় করেছে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, প্রথম সপ্তাহেই সেই আয় ৪৫০ কোটি থেকে ৭৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে। অথচ গেমটি বয়সসীমায় সীমাবদ্ধ: যুক্তরাষ্ট্রে এটি ১৭ প্লাস এবং অস্ট্রেলিয়ায় আর১৮ প্লাস, অর্থাৎ আইনত কেবল প্রাপ্তবয়স্করাই এটি কিনতে পারবেন।
অস্ট্রেলিয়ার ব্রডব্যান্ড ব্যবস্থা পরিচালনাকারী ফেডারেল প্রতিষ্ঠান এনবিএন কো জানিয়েছে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার গেমারদের জন্য বিশাল একটি মুহূর্ত হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার, যেদিন প্রথম জিটিএ সিক্স প্রি-ডাউনলোড শুরু হয়, সেদিন এনবিএন নেটওয়ার্কে ট্রাফিকের নতুন রেকর্ড হয়। প্রতি সেকেন্ডে নেটওয়ার্ক দিয়ে গেছে ৫৭ দিনের ফুল এইচডি স্ট্রিমিং ভিডিওর সমপরিমাণ ডেটা, যা গড়ের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।
এনবিএনের হিসাব অনুযায়ী, প্রি-লোড পর্ব শুরু হওয়ার পর থেকে অতিরিক্ত ডেটার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৩০ হাজারটি জিটিএ সিক্স ডাউনলোডের সমান।
অস্ট্রেলিয়ার স্ট্রিমার ম্যাট জাজ, যাঁর টুইচে হ্যান্ডল ডার্কভাইপারএইউ এবং অনুসারী প্রায় ১০ লাখ, গড়ে তুলেছেন জিটিএ ফাইভের জগতে নিজের ক্যারিয়ার। ২০১৩ সালে প্রকাশিত সেই গেমের লস অ্যাঞ্জেলেসের আদলে গড়া কাল্পনিক শহর লস সান্তোসে তিনি কাটিয়েছেন ১৩ হাজারের বেশি ঘণ্টা।
জাজ বলেছেন, দীর্ঘ অপেক্ষা প্রত্যাশা বাড়িয়েছে। খেলার ম্যারাথনের প্রস্তুতিতে তিনি ঘুমের সময় বদলে ফেলেছেন—সকাল সাড়ে ৮টায় ওঠার বদলে এখন উঠছেন বেলা সাড়ে ৩টায়। তাঁর ভাষায়, গেমটি ২০১৮ সালে আসবে বলে প্রত্যাশা ছিল; ফলে শুধু ১৩ বছর নয়, প্রত্যাশার চেয়েও আট বছর বেশি অপেক্ষা করতে হয়েছে।
তবে নির্মাতা হিসেবে জাজ কিছুটা শঙ্কিতও। তাঁর অনলাইন সাফল্যের বড় কারণ ছিল জিটিএ ফাইভের একক খেলোয়াড় সংস্করণ সম্পর্কে তাঁর গভীর জ্ঞান; এখন নতুন জগতে সবাইকে শূন্য থেকে শুরু করতে হবে। তাঁর কথায়, ‘সবাই জানে, একটি নতুন হিট গেমই হতে পারে আপনার জীবিকার টিকিট।’
ভিক্টোরিয়ার ট্যাটু শিল্পী ম্যাগি ব্রেনান, যিনি রেট্রোম্যাগি নামে স্ট্রিম করেন, বলেছেন আসন্ন প্রকাশটি মনে হচ্ছে বছরের সবচেয়ে বড় অ্যাকশন ছবির মুক্তি আর একটি বড় সংগীত প্রকাশ একসঙ্গে। গেমটির ৩৪ গানের সাউন্ডট্র্যাক আসবে শুক্রবার। ইমেইলে তিনি লিখেছেন, গেমটিকে ঘিরে গড়ে ওঠা কমিউনিটি তাঁকে নিজের স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সাহায্য করেছে এবং পথে তিনি অনেক বন্ধু পেয়েছেন।



