…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে বছর শেষ করল আর্জেন্টিনা, স্কালোনির মুখে বিশ্বকাপের স্মৃতি

নিজস্ব প্রতিবেদক
কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে বছর শেষ করল আর্জেন্টিনা, স্কালোনির মুখে বিশ্বকাপের স্মৃতি
ছবি: সংগৃহীত

কর্দোবায় বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা। আগের ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর এই বড় জয়ে ঘুরে দাঁড়াল লিওনেল স্কালোনির দল।

ম্যাচে আর্জেন্টিনার চার ফুটবলার গোল করেছেন। নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও হুলিয়ান আলভারেস করেছেন জোড়া গোল করে; অপর গোলটি করেছেন আলেক্সিস মাক আলিস্তার।

গত ৭ অক্টোবর বেনিনে ৩-০ গোলে জয়ের ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি ক্যারিয়ারের ইতি টানার পর নভেম্বরে নতুন শুরু করে স্কালোনির দল। তবে মেসিবিহীন আর্জেন্টিনার শুরুটা মনমতো হয়নি—উরুগুয়ের কাছে ২-১ গোলে হার দিয়ে শুরু হয় সেই যাত্রা। ঠিক তার পরের ম্যাচেই কোস্টারিকার বিপক্ষে এই বড় জয় পেল আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি কয়েক মাস আগে শেষ হওয়া বিশ্বকাপের কথা টেনে আনেন। আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমার মনে হয় বছরটি ভালোই ছিল। নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছি। তবে সব সময় জয় পাওয়া সম্ভব নয়। আমরা সন্তুষ্ট। আমরা এটা বুঝতে পেরেছি যে শিরোপা না জিতলেও ভালো কাজের স্বীকৃতি পাওয়া সম্ভব। আর সেটি সত্যিই দারুণ ব্যাপার।’

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথটা মসৃণ ছিল না। শেষ ষোলোয় মিসরের কাছে ২-০ গোলে পিছিয়ে থেকে একরকম বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল স্কালোনির দলের। সেখান থেকে অসাধারণ প্রত্যাবর্তনে ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা। পরে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকে ২-১ গোলে জিতে ফাইনালে ওঠে তারা।

স্কালোনি সেই দুটি ম্যাচের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ইংল্যান্ড ও মিসরের বিপক্ষে ম্যাচগুলোর কথা আমরা নিশ্চয়ই মনে রাখব। সেগুলো ছিল অসাধারণ কিছু ম্যাচ। বছরের মাঝামাঝি সময়ে সেই ম্যাচগুলো আসলেই অবিশ্বাস্য। সবার আগে আমার মনে যে বিষয়টি আসে, তা হলো—নিজের কাজটা ভালোভাবে করতে পেরেছি দেখে সন্তুষ্ট। দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার চেষ্টা করেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং সব সময় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছি।’

১৯৯৩ সালে কোপা আমেরিকা জয়ের পর বারবার শিরোপার কাছাকাছি গিয়ে ফিরতে হয়েছিল আর্জেন্টিনাকে; একসময় দলটির নামই হয়ে গিয়েছিল ‘আর জেতে না’। স্কালোনির অধীনে সেই চিত্র বদলে যায়। কোচ হিসেবে তিনি জিতেছেন ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা ও ২০২৪ কোপা আমেরিকা—মোট চারটি শিরোপা।

গত ১৯ জুলাই নিউজার্সির ফাইনালে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু স্পেন ১-০ গোলে জেতায় শিরোপা ধরে রাখার মিশনে ব্যর্থ হয় আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপ ধরে রাখতে না পারায় সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপের পাশাপাশি স্কালোনিকে নিয়েও সমালোচনা হয়েছে। তবে তিনি তাতে বিচলিত নন। কোস্টারিকাকে হারানোর পর আর্জেন্টিনা কোচ বলেন, ‘আমি সমালোচনার জবাব দিতে চাই না। কারণ, সমালোচনা করার অধিকার সবারই আছে। আমি গত আট বছর ধরে এ বিষয়ে কোনো কথা বলিনি। তাহলে এখনই বা কেন শুরু করব? আমার মনে হয়, মানুষ ও সংবাদমাধ্যমের এ নিয়ে আলোচনা-সমালোচনা করার অধিকার রয়েছে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রের পুরুষ দলের পরবর্তী কোচ বাছাইয়ে সহায়তা করবেন নারী দলের কোচ এমা হেইস
খেলা

যুক্তরাষ্ট্রের পুরুষ দলের পরবর্তী কোচ বাছাইয়ে সহায়তা করবেন নারী দলের কোচ এমা হেইস

যুক্তরাষ্ট্রের নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ এমা হেইস বলেছেন, দেশের পরবর্তী পুরুষ জাতীয় দলের প্রধান কোচ বাছাইয়ের জন্য যে দল গঠন করা হচ্ছে, তাতে …

খেলা

জোহানেসবার্গ টেস্টে কাফের চোটে বাভুমা, দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে শঙ্কা

বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ডান পায়ের কাফে (পায়ের পেছনের নিচের অংশের মাংসপেশি) চোট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমা।…

রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস হারের শঙ্কায় শ্রীলঙ্কা, সিরিজ জয়ের দুয়ারে পাকিস্তান
খেলা

রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস হারের শঙ্কায় শ্রীলঙ্কা, সিরিজ জয়ের দুয়ারে পাকিস্তান

রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্বাগতিকদের হাতে। প্রথম ইনিংসে ২২৭ রানের…

খেলা

জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংসে ধস বাংলাদেশের, ৫ উইকেটে ১০০ রান তুলে চতুর্থ দিন শেষ, এখনো পিছিয়ে ৫৭ রানে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। কাগিসো রাবাদা ও সিমন হার্মারের তোপে ৫ উইকেট হারিয়ে চতুর্থ দি…