মিশরকে তহবিল ছাড়তে হিসাব ‘সাজানোর’ অভিযোগ ইউরোপীয় কমিশনের বিরুদ্ধে

মিশরকে তহবিল ছাড়তে সক্ষম হতে হিসাব সাজানোর অভিযোগ উঠেছে ইউরোপীয় কমিশনের বিরুদ্ধে। ফাঁস হওয়া নথি প্রশ্ন তুলেছে, কল্যাণ লক্ষ্য পূরণের যে দাবির ভিত্তিতে মিশর ২৫০ কোটি ইউরোর ঋণের যোগ্য হয়েছে, তা কতটা সঠিক।
অভিযোগটি ৭৪০ কোটি ইউরোর একটি চুক্তি ঘিরে, যা ২০২৪ সালে কায়রোতে এক উচ্চপর্যায়ের সফরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিন বছর মেয়াদি এই ‘কৌশলগত ও সর্বাঙ্গীণ অংশীদারত্ব’ মিশরের নড়বড়ে অর্থনীতিকে শক্তিশালী করা, অভিবাসীদের ইউরোপে আসা ঠেকানো এবং ৭ অক্টোবরের হামলা ও গাজায় ইসরায়েলের যুদ্ধে অস্থির অঞ্চলকে সামাল দেওয়ার জন্য করা হয়েছিল।
বিতর্কের কেন্দ্রে রয়েছে ৫০০ কোটি ইউরোর সহজ শর্তের ঋণ, যা ম্যাক্রো-ফাইন্যান্সিয়াল সহায়তা নামে পরিচিত এবং কেবল মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল দেশগুলোর জন্যই পাওয়ার কথা। গণতন্ত্র ও অধিকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের শর্তগুলো অস্পষ্ট হলেও ঋণগুলো মিশরের ওপর অর্থনৈতিক সংস্কারের অনেক সুনির্দিষ্ট শর্ত আরোপ করে।
দুটি কল্যাণ কর্মসূচি তাকাফুল ও কারামা ঘিরেই হিসাব সাজানোর অভিযোগ। তাকাফুল কর্মসূচি দরিদ্র পরিবারগুলোকে নগদ অর্থ দেয়, যদি সুবিধাভোগীরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান ও স্কুলে ভালো উপস্থিতি থাকে। কারামা কর্মসূচি প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক মানুষ, এতিম ও বিধবাদের শর্তহীন নগদ অর্থ দেয়।
প্রথম ১০০ কোটি ইউরোর ঋণ পেতে ইউরোপীয় ইউনিয়নের একটি শর্ত ছিল, মিশরকে তাকাফুল ও কারামা সুবিধাভোগী পরিবারের সংখ্যা ১ লাখ বাড়িয়ে ৪৭ লাখে নিতে হবে। ফাঁস হওয়া এক প্রতিবেদনে কমিশন ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতাদের বলেছিল, এ শর্ত ‘মোটামুটি পূরণ হয়েছে’।
কিন্তু ওই প্রতিবেদনের তথ্যেই দেখা যায়, এ সময়ে পরিবারের সংখ্যা নিট হিসাবে ৬২ হাজার ২৮১টি কমেছে। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা একে ‘বহু বছর মেয়াদি পুনঃসনদ প্রক্রিয়া’ বলে ব্যাখ্যা করেছেন। কিছু সুবিধাভোগী তালিকায় যুক্ত হলেও অযোগ্য বিবেচিত হওয়ায় আরও বড় সংখ্যককে বাদ দেওয়া হয়।
পরবর্তী ১৫০ কোটি ইউরোর কিস্তি পেতে মিশরকে কর্মসূচি দুটি ‘আরও সম্প্রসারণ’ করে তালিকায় আরও ৬০ হাজার পরিবার যোগ করতে হতো। দ্বিতীয় ফাঁস হওয়া প্রতিবেদনে কমিশন সিদ্ধান্ত দেয়, লক্ষ্য ‘পূরণ হয়েছে’, কারণ ৪ লাখ ৪২ হাজার ১১৮টি পরিবার তালিকায় যুক্ত হয়েছে। এবার কমিশন কতজনকে বাদ দেওয়া হয়েছে, তা জানায়নি।
মিশরের সামাজিক সংহতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত ১১ মাসে কর্মসূচি দুটির সুবিধাভোগী নিট হিসাবে ২৩ হাজার ৪৫৩ জন কমেছে—যে সময়ের পর ইউরোপীয় ইউনিয়ন ২০২৬ সালের জুলাইয়ে ১৫০ কোটি ইউরো ছাড়ের ঘোষণা দেয়। ওই তথ্য পরে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়, তবে গার্ডিয়ান এর স্ক্রিনশট ও আর্কাইভ করা ওয়েবপেজ দেখেছে।
২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন যেখানে কর্মসূচি দুটিতে ১ লাখ ৬০ হাজার পরিবার যোগ করার শর্ত দিয়েছিল, সেখানে নিট হিসাবে কমেছে ৮৫ হাজার ৭৩৪টি পরিবার। শর্ত অনুযায়ী সম্প্রসারণ হলে প্রায় ২ লাখ ৪৫ হাজার পরিবার, অর্থাৎ প্রায় ৯ লাখ ৯ হাজার মানুষ, এই সুবিধা পেতেন—বিশ্বব্যাংকের তথ্য ব্যবহার করে গার্ডিয়ান এই আনুমানিক হিসাব করেছে।
ইউরোপ-মিশর সম্পর্কবিষয়ক ইউরোপীয় পার্লামেন্টের অন্যতম মুখপাত্র ডাচ এমইপি তিনেকে স্ট্রিক বলেন, তিনি ইউরোপীয় কমিশনের কাছে ব্যাখ্যা চেয়ে একটি প্রশ্ন উত্থাপন করছেন। তিনি বলেন, ‘এই তদন্তে পাওয়া তথ্য যে কমিশন মিশরের কর্মক্ষমতাকে সাজিয়ে দেখাচ্ছে বলে মনে হচ্ছে, তা উদ্বেগজনক।’
তাহরির ইনস্টিটিউট ফর মিডল ইস্ট পলিসির উপপরিচালক টিমোথি কালদাস বলেন, কমিশন সাধারণত ‘ভূমধ্যসাগরের ওপারে প্রকৃত স্থিতিশীলতাকে সমর্থন করতে ইউরোপীয় করদাতাদের অর্থ কাজে লাগানোর ক্ষেত্রে খারাপ কাজ করেছে’। সম্প্রতি কায়রো সফর করা স্প্যানিশ সমাজতান্ত্রিক এমইপি সান্দ্রা গোমেজ লোপেজ বলেন, কমিশনকে স্বচ্ছভাবে ব্যাখ্যা করতে হবে কেন তারা এসব অঙ্গীকার পূরণ হয়েছে বলে মনে করে।
হিউম্যান রাইটস ওয়াচের সহযোগী ইউরোপীয় ইউনিয়ন পরিচালক ক্লদিও ফ্রাঙ্কাভিলা বলেন, ‘বেঞ্চমার্ক ছাড়া ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার শর্তকে মিশরের কর্তৃত্ববাদের জন্য একটি ফাঁকা চেকে পরিণত করেছে।’
গার্ডিয়ানকে দেওয়া এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন বলেছে, তাকাফুল ও কারামা নিয়ে নীতিগত লক্ষ্যটি ছিল নতুন সুবিধাভোগী পরিবার নিয়ে, নিট বৃদ্ধি নিয়ে নয়, এবং গোপন নথিতে ‘ক্যাশ ট্রান্সফার কর্মসূচি আরও সম্প্রসারণ’ করতে হবে বলে যে বক্তব্য রয়েছে, তার সঙ্গে এই বিবৃতির ‘কোনো বিরোধ নেই’। বাকি ১৫০ কোটি ইউরোর ঋণ ছাড়ের বিষয়ে কমিশন বলেছে, ২৪টি অর্থনৈতিক নীতিগত শর্ত পূরণ, আইএমএফ কর্মসূচি সঠিক পথে রাখা এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মানসহ সব শর্ত পূরণ হলেই তা দেওয়া হবে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে মিশরের মিশন মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
প্রসঙ্গত, মিশর এখন পর্যন্ত তিন কিস্তিতে ৩৫০ কোটি ইউরোর সহজ শর্তের ঋণ পেয়েছে এবং শেষ ১৫০ কোটি ইউরো ২০২৭ সালের শেষের আগে পাওয়ার কথা। একই সময়ে দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়া নিয়েও যাচাই চলছে—তথ্য যাচাই ও অনুসন্ধানী প্ল্যাটফর্ম মাতসাদাশের ছয় সাংবাদিকের পুরো নিউজরুমকে কারাগারে পাঠানো ও নির্যাতনের অভিযোগ এবং গত মাসে দেশটির শেষ স্বাধীন সংবাদমাধ্যমগুলোর একটি বন্ধ ও এর খ্যাতনামা সম্পাদক লিনা আত্তালাহর দণ্ড ঘিরে।




