কোস্টারিকার বিপক্ষে ৭-০ জয়ে রোমেরোর রেকর্ড ছুঁলেন মার্তিনেজ, আর্জেন্টিনার হয়ে ৪৭তম ক্লিন শিট
কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে গোলপোস্ট অক্ষত রেখে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড ছুঁয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। বাংলাদেশ সময় আজ ভোরে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এটি ছিল তাঁর ৪৭তম ক্লিন শিট।
এত দিন এই রেকর্ডটি এককভাবে ছিল সের্হিও রোমেরোর। কোস্টারিকাকে গোলবঞ্চিত রেখে ২০২২ বিশ্বকাপজয়ী গোলকিপার মার্তিনেজ সেই রেকর্ডে ভাগ বসালেন।
তবে দুজনের পরিসংখ্যানে বড় পার্থক্য রয়েছে। রোমেরো ৪৭টি ক্লিন শিট পেয়েছিলেন ৯৬ ম্যাচে, সাফল্যের হার ৪৮ দশমিক ৯৬ শতাংশ। মার্তিনেজের লেগেছে মাত্র ৭১ ম্যাচ, সাফল্যের হার ৬৫ দশমিক ৭১ শতাংশ।
ম্যাচে কোস্টারিকার খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি মার্তিনেজকে। প্রথমার্ধের ১৮ মিনিটে ডান দিক থেকে জেরাল্ড টেলরের ক্রসে পেনাল্টি স্পট থেকে জোসিমার মেন্দেসের জোরালো ডান পায়ের শট শরীর ছুড়ে দিয়ে বাড়ানো হাতে ফিরিয়ে দেন তিনি। কোস্টারিকার সবচেয়ে বিপজ্জনক আক্রমণটি সেখানেই থেমে যায়।
ম্যাচ শেষে ৩৪ বছর বয়সী মার্তিনেজ বলেন, চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকার পর প্রথম একাদশে ফিরে তিনি খুব খুশি। তিনি বলেন, ‘আমি খুব খুশি। খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাটা সব সময়ই আছে। আমার সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটেছে। এবার চোয়াল ভেঙেছে। আমার ভালো থাকা দরকার ছিল। কারণ, সতীর্থদের আমাকে শতভাগ ফিট অবস্থায় প্রয়োজন।’
লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনা দল কেমন হবে, সেই প্রশ্নের জবাবে মার্তিনেজ বলেন, ‘আমরা জানতাম, আমাদের বাড়তি চেষ্টা করতে হবে। লিও ছাড়া এ সময়ে আমরা জিততে চেয়েছি। ছেলেরা আর্জেন্টিনার হয়ে খেলতে ভালোবাসে এবং নিজেদের উজাড় করে দেয়। তারা ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আবার মানুষের ভালোবাসা জিততে চাই।’



