শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার প্রভাব জানতে ৯৩ লাখ পাউন্ডের বড় গবেষণা যুক্তরাজ্যে

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা মানসিক স্বাস্থ্য ও সুস্থতায় অর্থবহ পরিবর্তন আনতে পারে কি না, তা জানতে যুক্তরাজ্যে একটি বড় বৈজ্ঞানিক গবেষণা শুরু হচ্ছে। ওয়েলকামের নেতৃত্বে পরিচালিত এই গবেষণা হবে এ ধরনের প্রথম উদ্যোগ।
বিশ্বের বিভিন্ন দেশ শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে, তবে বাস্তবে তা কাজ করবে কি না, তা নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। গবেষকেরা এখন এই গবেষণার মাধ্যমে তার উত্তর খুঁজছেন।
১০টি গবেষণা প্রকল্পে শিশুদের মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে ঘুম ও শারীরিক কার্যকলাপ পর্যন্ত বিভিন্ন বিষয় অনুসন্ধান করা হবে। ২০২৭ সালের বসন্তে যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা চালু হওয়ার আগে ও পরে এসব বিষয়ের তুলনা করা হবে।
ওয়েলকামের ৯৩ লাখ পাউন্ড তহবিলের সহায়তায় এবং ব্রিটেনজুড়ে ৩ লাখের বেশি তরুণের অংশগ্রহণে গবেষকেরা অনলাইন নিরাপত্তা ও ডিজিটাল নীতিতে কাজ করা ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ উত্তর দেওয়ার আশা করছেন।
ওয়েলকামের গবেষণা প্রধান ড. ক্যামিলা ইয়ানোন বলেন, যুক্তরাজ্য ও বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা নিয়ে উত্তপ্ত বিতর্ক হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও এর ওপর বিধিনিষেধ তরুণদের মানসিক স্বাস্থ্যকে আসলে কীভাবে প্রভাবিত করে, সে বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ খুবই সীমিত।
ইয়ানোন বলেন, বিধিনিষেধগুলো বড় পরিসরে সামাজিক যোগাযোগমাধ্যম তরুণদের মানসিক স্বাস্থ্যকে কীভাবে প্রভাবিত করে, তা অধ্যয়নের এক প্রজন্মে একবার আসা সুযোগ দেবে। তিনি বলেন, এটি সামাজিক যোগাযোগমাধ্যম ভালো নাকি খারাপ, কিংবা বিধিনিষেধ কাজ করে নাকি করে না—এমন সরল দ্বিমুখী প্রশ্ন নয়। দলগুলো বরং দেখবে, তরুণদের ডিজিটাল পরিবেশ বদলালে তাদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতায় অর্থবহ পরিবর্তন আসে কি না।
অস্ট্রেলিয়া গত বছর ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা চালু করেছে, এবং কানাডা, গ্রিস ও ডেনমার্কসহ অন্যান্য দেশও পদক্ষেপ নিচ্ছে।
যুক্তরাজ্যে বসন্তে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে, যাতে শিশুরা ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, স্ন্যাপচ্যাট, ফেসবুক ও এক্সের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না। গেমিং প্ল্যাটফর্মে লাইভ-স্ট্রিমিং এবং অপরিচিতদের যোগাযোগের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে।
এ বিষয়ে মত বিভক্ত রয়েছে। কেউ কেউ বন্ধুত্বের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল তরুণদের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ বলছেন, শিশুরা নিষেধাজ্ঞা এড়ানোর উপায় খুঁজে নিতে পারে।
গবেষণার একটি প্রকল্পের নাম স্মার্ট স্কুলস প্লাস, যার যৌথ নেতৃত্বে রয়েছেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভিক্টোরিয়া গুডইয়ার। ইংল্যান্ডের ১৬টি স্কুল ও ৮০০ শিক্ষার্থী নিয়ে এই গবেষণায় মানসিক স্বাস্থ্য ও সুস্থতার পাশাপাশি শারীরিক কার্যকলাপ, ঘুম, সামাজিক নেটওয়ার্ক, স্কুলে বিঘ্নকারী আচরণ, ফলাফল ও উপস্থিতি দেখা হবে। এ কাজে জরিপ, অ্যাপ, সাক্ষাৎকার, ডিজিটাল ডায়েরি ও গবেষণা-মানের অ্যাক্টিভিটি ট্র্যাকার ব্যবহার করা হবে।
গুডইয়ার বলেন, ঘুম, শারীরিক কার্যকলাপ, সামাজিক নেটওয়ার্ক ও এসব শিক্ষাগত ফলাফল মানসিক স্বাস্থ্যের ফলাফলকে প্রভাবিত করে কি না, তা তাঁরা দেখবেন। অর্থাৎ কোনো পরিবর্তন কেন আসছে বা কেন আসছে না, তার উত্তর খোঁজা হবে। দলটি আত্মহত্যা, আত্মক্ষতি ও খাদ্যাভ্যাসজনিত সমস্যা সংক্রান্ত ঝুঁকিপূর্ণ কনটেন্ট নিষেধাজ্ঞার ফলে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে সরে গেছে কি না, তাও অনুসন্ধান করবে।
আরেকটি প্রকল্পের যৌথ নেতৃত্বে থাকা কিংস কলেজ লন্ডনের ড. জেমা নোলস দেখবেন, নিষেধাজ্ঞার প্রভাব বিভিন্ন লিঙ্গ, সামাজিক শ্রেণি ও যৌন অভিমুখিতার তরুণদের ক্ষেত্রে ভিন্ন হয় কি না।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ড. অ্যালেক্স কোয়ং বলেন, তাঁর দল ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডজুড়ে পরিবারগুলোর সঙ্গে কাজ করবে। সামাজিক যোগাযোগমাধ্যম বিধিনিষেধ শিশু ও পরিবারকে একসঙ্গে কীভাবে প্রভাবিত করে, তা বোঝাই তাঁদের আগ্রহ। তিনি বলেন, বিধিনিষেধের পরও শিশু ও কিশোরেরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করলে সেটিই হবে কাগজে-কলমের নীতি ও বাস্তবের নীতির মধ্যে পার্থক্য বোঝার বিষয়।




