পরের নির্বাচনে ইইউতে ফেরার প্রতিশ্রুতি নিয়ে প্রচারে নামতে বার্নহামকে আহ্বান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ল্যামির

পরবর্তী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পুনরায় যোগ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রচারে নামতে অ্যান্ডি বার্নহামকে আহ্বান জানিয়েছেন ডেভিড ল্যামি।
সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী কিয়ার স্টারমারের অধীনে উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, লিভারপুলে দলীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ এই ইস্যুতে ‘দরজা পুরোপুরি খুলে দিয়েছে।’
দ্য টাইমসে লেখা এক নিবন্ধে ল্যামি লিখেছেন, ‘বার্নহামের লেবারকে পরের নির্বাচনে এই স্পষ্ট অবস্থান নিয়ে যেতে হবে যে, তাদের উদ্দেশ্য ইইউতে পুনরায় যোগ দেওয়া।’ তাঁর মতে, পরবর্তী সরকার গঠন করলে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার জনাদেশ (ম্যান্ডেট) পাওয়া যাবে।
ল্যামি আরও লিখেছেন, ‘একটি চুক্তি হয়ে গেলে তা জনগণের সামনে তুলে ধরতে হবে। গত গণভোটের মতো নয়—এবার জনগণকে দুটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত বিকল্পের মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ পেতে হবে।’
ব্রাসেলসে বড় ধরনের যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনের প্রস্তুতির মধ্যে বার্নহাম যখন ব্যস্ত, তখনই এল ল্যামির এই হস্তক্ষেপ। ব্লকের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক নিয়ে নতুন করে যাচাই-বাছাই চলছে।
সেপ্টেম্বরে লেবার সম্মেলনের ভাষণে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, নভেম্বরের শীর্ষ সম্মেলনের সময়ের কাছাকাছি তিনি দেশের সামনে বিভিন্ন বিকল্প তুলে ধরবেন। কিন্তু শুক্রবারের ব্রাসেলস বৈঠক এগিয়ে আসায় বার্নহাম সময়সীমা পিছিয়ে দিয়েছেন বলে মনে হচ্ছে।
সোমবার এক ভাষণে তিনি বলেন, শীর্ষ সম্মেলনের পর ব্লকের সঙ্গে বিকল্পগুলো নিয়ে আলোচনা শুরু করবেন এবং পরে জনগণের সামনে বিকল্পগুলো তুলে ধরবেন।
ব্রেক্সিট প্রসঙ্গ আবার তোলা ‘বিষাক্ত’ হয়ে গেছে কি না—এমন প্রশ্নে মঙ্গলবার স্কাই নিউজকে লেবার নেতা বলেন, ‘আমি ব্রেক্সিট চুক্তির উন্নতি নিয়ে আলোচনায় আছি। এই সপ্তাহে আমি সেটাই করছি। দেখা যাক কী হয়। এরপর আমরা দেখব, ইইউর সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কোনো বিকল্প আছে কি না। বছরের শেষের দিকে ১০ বছরমেয়াদি পরিকল্পনার সঙ্গে আমি তা তুলে ধরব।’ তিনি যোগ করেন, ‘তবে আমি আপনার সঙ্গে একমত নই যে এটি একটি বিষাক্ত বিতর্ক।’
সাধারণ নির্বাচনের আগে ২০২৪ সালের লেবার ইশতেহারের লাল রেখা—কাস্টমস ইউনিয়ন, একক বাজার বা মুক্ত চলাচলে ফেরা নয়—মেনে চলার প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এরপর যা আসবে, তার নিয়ন্ত্রণ থাকবে ব্রিটিশ জনগণের হাতে।’
সময়সীমা বদলানোর কথা অস্বীকার করে তিনি বলেন, ‘আগামী মাসে আমি পরবর্তী ধাপটি কেমন হবে তা তুলে ধরব। সম্মেলনের ভাষণে আমি ঠিক এটাই বলেছিলাম।’
বার্নহাম সাবেক কনজারভেটিভ প্রধানমন্ত্রী বরিস জনসনের ওপরও আক্রমণ করেন। জনসন ও ডেভিড ক্যামেরন দুজনেই তাঁকে ব্লকে ফিরে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন।
তিনি আরও বলেন, তরুণদের কাজে লাগানোর ‘ইয়ুথ গ্যারান্টি’ প্রকল্প—যা ইইউর সঙ্গে ‘রিসেট’ আলোচনার অংশ—শুধু ব্রিটিশ নাগরিকদের জন্যই উন্মুক্ত থাকবে।
শুক্রবার ব্রাসেলসে শীর্ষ সম্মেলনে যে প্রকল্পে সম্মতি হতে পারে, তা বছরে দশ হাজারের বেশি তরুণ ইউরোপীয়কে যুক্তরাজ্যে সাময়িকভাবে কাজের সুযোগ দিতে পারে এবং একইভাবে ব্রিটিশ তরুণদেরও ইউরোপে কাজের সুযোগ দিতে পারে। এ নিয়ে উদ্বেগ উঠেছে যে, এতে তরুণ ব্রিটিশদের জন্য নতুন সহায়তা কমে যেতে পারে।
সাবেক লেবার স্বাস্থ্যমন্ত্রী অ্যালান মিলবার্ন মঙ্গলবার শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণে নেই (নিট) এমন তরুণদের সংখ্যা কমানোর সুপারিশ ঘোষণা করেন। তিনি বলেন, ইইউ চুক্তির ফল যা-ই হোক, চাকরিতে তরুণ ব্রিটিশদেরই অগ্রাধিকার থাকা উচিত।
পরে আইটিভির ‘গুড মর্নিং ব্রিটেন’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তিনি তরুণদের জন্য ‘অগ্রাধিকারমূলক সুযোগ’ তৈরির দিকে তাকিয়ে আছেন। ২০২৯ সালের মার্চের মধ্যে ৯০ হাজার তরুণকে কাজে সাহায্য করার লক্ষ্যের এই চাকরি নিশ্চয়তা প্রকল্প থেকে ইউরোপীয়রা বাদ পড়বেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ।’ তিনি ব্যাখ্যা করেন, ইয়ুথ গ্যারান্টির মাধ্যমে দীর্ঘদিন বেকার থাকা কাউকে নিয়োগ দিলে নিয়োগদাতারা অর্থ পান, এবং প্রকল্পটি শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণে নেই এমন তরুণ ব্রিটিশদের সহায়তার জন্যই সাজানো হবে।




