ইতালির আগ্নেয়গিরির হ্রদে মিলল ৩ হাজার ৩০০ বছরের পুরোনো ব্রোঞ্জের তলোয়ার, ধার এখনো অটুট

মধ্য ইতালির লাৎসিও অঞ্চলের ভ্যালেনতানো শহরের কাছে লেক মেজ্জানো নামের আগ্নেয়গিরির হ্রদ থেকে ৩ হাজার ৩০০ বছরের পুরোনো একটি ব্রোঞ্জের তলোয়ার উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। হ্রদের পানিতে ৩৩ শতাব্দী পড়ে থাকার পরও তলোয়ারটির ধার এখনো অক্ষত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ভিতেরবো প্রদেশ ও দক্ষিণ এত্রুরিয়ার প্রত্নতত্ত্ব, চারুকলা ও ভূদৃশ্য তত্ত্বাবধান দপ্তর (এসএবিএপি-ভিটি-ইএম) অক্টোবরের শুরুর দিকে এই আবিষ্কারের ঘোষণা দেয়। লেক মেজ্জানো একসময় একটি প্রাচীন আগ্নেয়গিরির জ্বালামুখ ছিল।
হ্রদের তলদেশে ডুবে থাকা একটি ব্রোঞ্জযুগের গ্রামে খনন চালানোর সময় তলোয়ারটি পাওয়া যায়। কর্মকর্তাদের বিবৃতি অনুযায়ী, তলোয়ারটি খ্রিষ্টপূর্ব ১৩শ শতকের, যে সময়কে ইতালীয় প্রত্নতাত্ত্বিকেরা ‘সাম্প্রতিক ব্রোঞ্জযুগ’ বলেন।
বিবৃতিতে বলা হয়েছে, তলোয়ারটি এসেছে হ্রদের দক্ষিণ তীরের এমন একটি এলাকা থেকে, যেখানে আগে সীমিত পরিসরে অনুসন্ধান হয়েছিল। প্রকাশিত ছবিতে হ্রদের পাথুরে তলদেশে পড়ে থাকা গাঢ় রঙের সোজা ব্রোঞ্জের ফলকটি দেখা গেছে।
কর্মকর্তারা জানান, তলোয়ারটি এতটাই ভালো অবস্থায় আছে যে এর ধারালো কিনারা এখনো স্পষ্ট। তাঁদের ভাষায়, এই নিদর্শন ৩ হাজার বছরের বেশি আগে হ্রদ অববাহিকায় যাতায়াত করা জনগোষ্ঠীগুলোকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ সংযোজন।
১৯৭০-এর দশক থেকে মেজ্জানো এলাকায় পাওয়া এটি তৃতীয় তলোয়ার। কর্মকর্তাদের মতে, এই তথ্য ওই প্রত্নতাত্ত্বিক প্রেক্ষাপটের ব্যতিক্রমী গুরুত্ব নিশ্চিত করে এবং ব্রোঞ্জযুগের শেষ দিকে হ্রদ এলাকাটি কীভাবে ব্যবহৃত হতো, তা অনুসন্ধানে নতুন উপাদান যোগ করে।
তলোয়ারের পাশাপাশি কুড়াল, তিরের ফলা, পিন, বর্শার ফলা ও একটি ক্ষুরও পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। কর্মকর্তাদের ধারণা, এসব বস্তু কোনো আচার বা ধর্মীয় প্রথার অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে পানিতে ফেলা হয়েছিল।
বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, উদ্ধার হওয়া তলোয়ার ও ব্রোঞ্জের ক্ষুরের কাছাকাছি অবস্থান অন্যান্য ব্রোঞ্জযুগের প্রেক্ষাপটে নথিভুক্ত মিলের কথা মনে করিয়ে দেয়, যা উচ্চ সামাজিক মর্যাদার ব্যক্তিদের—সম্ভবত যোদ্ধা অভিজাতদের—সঙ্গে যুক্ত বলে মনে করা হয়।
কর্মকর্তারা বলেন, ঠিক এ কারণেই প্রতিটি নতুন আবিষ্কারের মূল্য একক বস্তুটির চেয়ে অনেক বেশি; এগুলো প্রাগৈতিহাসিক জনগোষ্ঠীর প্রতীকী আচরণ বুঝতে সাহায্য করে।
প্রত্নতাত্ত্বিকেরা লক্ষ করেছেন, ধাতব নিদর্শনগুলো হ্রদের তলদেশে প্রায় একই গভীরতায় পাওয়া গেছে, যা বস্তুগুলো কীভাবে পানিতে এলো, তা সাজাতে তাঁদের সাহায্য করছে।
সামনে হ্রদে পানির নিচের গবেষণা অব্যাহত রাখার পাশাপাশি ব্রোঞ্জের নিদর্শনগুলো নিয়ে একটি প্রদর্শনীর প্রস্তুতি নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন কর্মকর্তারা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে পানির নিচে স্তরভিত্তিক খনন সম্প্রসারণের কথাও বিবৃতিতে বলা হয়েছে।




