ওলেশকির আদলে আরও ১০ এলাকায় মানবিক সরিয়ে নেওয়ার অভিযানের প্রস্তাব জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে আরও ১০টি নতুন মানবিক সরিয়ে নেওয়ার অভিযানের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবিত অভিযানগুলো হবে রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় শহর ওলেশকিতে সম্প্রতি কার্যকর হওয়া যুদ্ধবিরতির আদলে, যার মধ্য দিয়ে শত শত বেসামরিক মানুষ ওই শহর ছেড়ে যেতে পেরেছিলেন।
মঙ্গলবার জেলেনস্কি বলেন, আবুধাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক ত্রিপক্ষীয় আলোচনার ফলাফল নিয়ে আয়োজিত এক বৈঠকে এই প্রস্তাবটি উঠে এসেছে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের সাময়িকভাবে দখলকৃত এলাকাগুলোতে আরও ১০টি স্থানের প্রস্তাব দিয়েছে ইউক্রেন, যেখানে একই ধরনের মানবিক অভিযান প্রয়োজন।’
জেলেনস্কি ওই ১০টি বসতির নাম উল্লেখ করেননি। তিনি জানিয়েছেন, ইউক্রেনের কূটনৈতিক প্রতিনিধিদল মার্কিন মধ্যস্থতাকারীদের কাছে প্রস্তাবটি তুলবে।
এর আগে ওলেশকিতে ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর ছিল। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে নেওয়া ওই যুদ্ধবিরতির সময় বাসিন্দারা একটি নিরাপদ করিডর দিয়ে শহর ছাড়তে পেরেছিলেন।
মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, ওই অভিযানে মোট প্রায় ৮০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। যাঁরা ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকায় যেতে চেয়েছিলেন, তাঁদের বেলারুশের গোমেল হয়ে চেরনিহিভ অঞ্চলে নেওয়া হয়, আর অন্যরা রাশিয়ায় সরে গেছেন বলে জানা গেছে। তবে দুই পক্ষের কেউই এই ভাগের সঠিক সংখ্যা প্রকাশ করেনি।
কিয়েভ পরবর্তী সময়ে বলেছে, রাশিয়া ওই যুদ্ধবিরতিকে খেরসন অঞ্চলের বাম তীরে নিজেদের সৈন্য বদলির কাজে ব্যবহার করেছে।
ইউক্রেনের ভারখোভনা রাদার মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেৎস বলেছেন, তিনি তাঁর রুশ প্রতিপক্ষ ইয়ানা লানত্রাতোভার সঙ্গে একমত হয়েছেন যে ওলেশকির মডেল অন্য দখলকৃত বসতিগুলোতেও সম্প্রসারিত করতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির কাছে আবেদন জানানো হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সমান্তরাল একটি প্রস্তাব দিয়েছেন। ১২ নভেম্বর ক্রেমলিনে ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে তিনি দোনেৎস্ক অঞ্চলের কস্তিয়ানতিনিভকায় একই ধরনের অভিযানের প্রস্তাব দেন এবং বলেন, শহরটি রাশিয়ার ‘নিয়ন্ত্রণে’ রয়েছে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা দিমিত্রো লিতভিন বলেছেন, রাশিয়া সম্ভবত ওলেশকির মতোই সৈন্য বদলির উদ্দেশ্যে সেখানে যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে। ইউক্রেনের সামরিক বাহিনীর বিবৃতি ও ওপেন-সোর্স গোয়েন্দা গবেষণা অনুযায়ী, রুশ বাহিনী কস্তিয়ানতিনিভকার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকণ্ঠের কিছু অংশ মাত্র দখল করে রেখেছে; শহরের উল্লেখযোগ্য অংশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকায় এবং আরেক অংশ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দখলে রয়েছে। পুতিন এর আগেও একাধিকবার শহরটি দখলের দাবি করেছেন।




