হলোকাস্টের দায়িত্ব মানতে হবে অভিবাসীদেরও, না মানলে জার্মানি ছাড়তে হবে: চ্যান্সেলর মের্জ

জার্মানির রক্ষণশীল চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সতর্ক করেছেন, নাৎসি গণহত্যার জন্য দেশটির দায়িত্ব মেনে নেওয়া ইসলামি দেশগুলো থেকে আসা অভিবাসীদের জন্যও একটি বাধ্যবাধকতা। হলোকাস্টের আট দশক পর তাঁর এই মন্তব্য এসেছে।
বার্লিনে ৬ নভেম্বর জার্মানির মাকাবিয়া ইহুদি ক্রীড়া প্রতিনিধিদলের আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে মের্জ বলেন, ‘আমাদের দেশের ঐতিহাসিক দায়িত্ব ইসলামি দেশগুলো থেকে জার্মানিতে যারা আসেন, তাদের ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রযোজ্য, এবং যারা তা মেনে চলতে ব্যর্থ হবেন, তাদের আমাদের দেশ ছাড়তে হবে।’
একজন বাস্কেটবল কোচ তাঁকে বলেছিলেন, খেলোয়াড়েরা আশঙ্কা করেন জার্মানির রাস্তায় ডেভিডের তারা আঁকা লাল মাকাবি প্রশিক্ষণ জ্যাকেট পরলে তাঁরা হামলার শিকার হতে পারেন। এর জবাবেই মের্জ এই বক্তব্য দেন।
জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, মের্জ সাবেক জার্মান প্রেসিডেন্ট রিচার্ড ফন ভাইৎসজেকারের উদ্ধৃতি দেন, যিনি ১৯৮৫ সালে বুন্ডেসটাগে বলেছিলেন, তরুণেরা নাৎসিদের অপরাধের জন্য দায়ী নন, ‘কিন্তু ইতিহাসে এর পরিণতি কী হয়, তার জন্য তাঁরা দায়ী’। মের্জ বলেন, এই নীতি ‘পাথরে খোদাই করা’, এবং বর্তমান পরিস্থিতিতে ভাইৎসজেকারের কথাগুলো জার্মানিতে আসা অভিবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য। এ ক্ষেত্রে তিনি মুসলিম অভিবাসীদের সাম্প্রতিক ইহুদিবিদ্বেষী অপরাধের কথা উল্লেখ করেন।
চ্যান্সেলরের দপ্তর অনুষ্ঠানে তাঁর প্রস্তুত বক্তব্য প্রকাশ করেছে, তবে খেলোয়াড়দের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের মন্তব্য তাতে রাখা হয়নি। তাঁর বক্তব্য সম্পর্কে ফক্স নিউজ ডিজিটাল জানতে চাইলে জার্মান সরকারের একজন মুখপাত্র বলেন, ‘চ্যান্সেলরের কথাই নিজের পক্ষে যথেষ্ট।’
সুইডেনভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানী ড্যানিয়েল শাটজ বলেন, ‘চ্যান্সেলর মের্জ শুধু এই মন্তব্য করে সঠিক কাজই করেননি, তিনি জার্মানির ঐতিহাসিক দায়িত্বও পালন করছেন।’ বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেটধারী শাটজের মতে, মের্জের বক্তব্য জার্মান ধারণা ‘স্টাটসরেজোঁ’ বা রাষ্ট্রীয় যুক্তিকে প্রতিফলিত করে, যা হলোকাস্টের জন্য জার্মানির ঐতিহাসিক দায়িত্ব এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি অঙ্গীকারকে জার্মান জাতীয় ও পররাষ্ট্রনীতির কেন্দ্রে রাখে।
শাটজ বলেন, জার্মানিতে ও ইউরোপের অন্যান্য অংশে ইহুদি খেলোয়াড়েরা ডেভিডের তারা প্রদর্শনকারী পোশাক পরতে ভয় পেলে তা একীভূতকরণের ব্যর্থতার চেয়ে অনেক বেশি গুরুতর বিষয়ের মুখোমুখি হওয়ার ইঙ্গিত দেয়। তাঁর ভাষ্য, ‘আমরা দেখছি, ইহুদি নাগরিকেরা যাতে প্রকাশ্যে ও নিরাপদে বাঁচতে পারেন, তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হচ্ছে।’ তিনি আরও বলেন, যে দেশ ‘আর কখনো নয়’কে জাতীয় পরিচয়ের ভিত্তিপ্রস্তর করেছে, সে দেশ এমন পরিস্থিতি মেনে নিতে পারে না যেখানে ব্যক্তিগত নিরাপত্তার কারণে ইহুদি পরিচয় গোপন করতে হয়।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিজের ইউরোপবিষয়ক জ্যেষ্ঠ দূত সিমোন রোদান-বেনজাকেন ফক্স নিউজ ডিজিটালকে বলেন, ‘মের্জ ঠিক বলেছেন: যারা জার্মানিকে নিজের বাড়ি বানান, তাদের প্রত্যেককে ইহুদি জীবন রক্ষার দায়িত্ব মেনে নিতে হবে। সেই দায়িত্ব ভাগ করে নিতে জার্মানির অপরাধের উত্তরাধিকারী হতে হয় না।’ তিনি আরও বলেন, এটি একীভূতকরণের মৌলিক প্রশ্ন; জার্মান শেখা ও চাকরি পাওয়া গুরুত্বপূর্ণ হলেও একীভূতকরণ মানে এটাও মেনে নেওয়া যে ইহুদি প্রতিবেশীরও প্রকাশ্যে ও নিরাপদে বাঁচার একই অধিকার আছে। এর জন্য প্রয়োজন স্বচ্ছ বিদেশি অর্থায়ন, জনসমর্থিত সংগঠনগুলো কী শেখায় তার যাচাই, হুমকি ও সহিংসতার বিরুদ্ধে আইন প্রয়োগ এবং নিজ সম্প্রদায়ের ভেতরে ইহুদিবিদ্বেষকে চ্যালেঞ্জ করা মুসলিমদের সমর্থন।
ড্রেসডেন ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষণা ফেলো ইয়ানেক ট্রাইবার বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার পর থেকে জার্মানিতে এক ধরনের সাংস্কৃতিক লড়াই দেখা যাচ্ছে—একদিকে যারা ফিলিস্তিনিদের প্রতি সংহতির পক্ষে যুক্তি দেন ও ইসরায়েলকে নিপীড়ক রাষ্ট্র হিসেবে দেখেন, অন্যদিকে যারা দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে দাঁড়ান। দেশটির ইতিহাসের কারণে জার্মানিতে এই বিতর্ক স্বাভাবিকভাবেই আরও তীব্রভাবে চলে।
ট্রাইবার বলেন, মের্জের অভিবাসনবিষয়ক আগের কিছু মন্তব্য ঘিরে যেমন প্রতিক্রিয়া হয়েছিল, এই মন্তব্য তেমন প্রতিক্রিয়া তৈরি করেনি। তাঁর মতে, বেশির ভাগ মানুষই সম্ভবত একমত হবেন যে জার্মানিতে আসা প্রত্যেককে সাংবিধানিক শৃঙ্খলাকে সম্মান করতে হবে এবং দেশটির ঐতিহাসিক উত্তরাধিকারের সঙ্গে বোঝাপড়া করতে হবে। রোদান-বেনজাকেন বলেন, সাফল্যের মাপকাঠি হবে খেলোয়াড়েরা ভয় ছাড়া জার্মানির রাস্তায় দলের জ্যাকেট পরতে পারেন কি না।
জার্মানির ২০২৬ সালের মাকাবিয়া গেমস প্রতিনিধিদল ইসরায়েলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সবচেয়ে সফল ইউরোপীয় দল ছিল। মাকাবিয়া গেমস বিশ্বজুড়ে ইহুদি খেলোয়াড়দের জন্য অলিম্পিকের মতো একটি ক্রীড়া আয়োজন।




