আর্থিক শিক্ষার দূত হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম, তরুণদের সঞ্চয় শেখাবে জার্মান সরকার
জার্মানির সাবেক আন্তর্জাতিক ডিফেন্ডার ফিলিপ লাম, যিনি ২০১৪ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন, এবার নতুন একটি দায়িত্ব পেয়েছেন। তরুণ জার্মানদের সেরা সঞ্চয় অ্যাকাউন্ট খুঁজে পেতে সাহায্য করার কাজে তাঁকে যুক্ত করেছে দেশটির সরকার।
বুধবার মন্ত্রণালয় জানিয়েছে, লাম অভিনেত্রী টোমোমি থেমানের সঙ্গে ‘আর্থিক শিক্ষা দূত’ হিসেবে কাজ করবেন। দুজনেই বিনা পারিশ্রমিকে এই কাজ করবেন।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে লামকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আর্থিক শিক্ষার দূত হিসেবে আমি এর মূল্য তুলে ধরতে চাই—কীভাবে আমরা জীবনযাপন নিয়ে সচেতন সিদ্ধান্ত নিই, সেই ক্ষেত্রে; এবং সমাজের সবার কাছে এটি পৌঁছে দিতে আমার ভূমিকা রাখতে চাই।’
লামের নতুন দায়িত্বের বর্ণনায় বলা হয়েছে, তিনি একজন ‘সেতুবন্ধনকারী’ হিসেবে কাজ করবেন—অনলাইনে, ক্লাবে ও স্কুলে মানুষের কাছে পৌঁছে ‘সহজ ভাষায় আর্থিক বিষয়গুলো ব্যাখ্যা করবেন এবং মানুষকে তাদের আর্থিক ভবিষ্যৎ নিয়ে সক্রিয় আগ্রহ নিতে উৎসাহিত করবেন’।
এই পদক্ষেপ জার্মান সরকারের নতুন একটি কৌশলের অংশ, যার লক্ষ্য দেশে আর্থিক শিক্ষা শক্তিশালী করা, বিশেষ করে তরুণ ও নারীদের মধ্যে।
অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল এই কৌশলকে আরও সমতা আনার উপায় হিসেবে তুলে ধরছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘আর্থিক শিক্ষা ন্যায্যতার বিষয়। প্রয়োজনীয় আর্থিক জ্ঞান থাকলেই প্রত্যেকের স্বাধীন জীবন গড়ার এবং নিজের ভবিষ্যৎ নিজে নির্ধারণের সুযোগ থাকে।’
শুক্রবার বার্লিনের একটি স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে লাম ও ক্লিংবাইলের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।



