জিটিএ সিক্স মুক্তির কয়েক ঘণ্টা আগে বিশ্বজুড়ে প্লেস্টেশন নেটওয়ার্কে বিপর্যয়

বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ভিডিও গেমগুলোর একটি গ্র্যান্ড থেফট অটো সিক্স (জিটিএ সিক্স) মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগে বুধবার বিশ্বজুড়ে প্লেস্টেশন নেটওয়ার্কে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে।
বিপর্যয় শুরু হওয়ার পর হতাশ খেলোয়াড়রা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগের বন্যা বইয়ে দেন। অনেকেই লগইন করতে ব্যর্থ হওয়ার কথা জানান, আবার অনেকে গেম ও আপডেট ডাউনলোডের সময় সার্ভারের সঙ্গে সংযোগে সমস্যার কথা বলেন।
প্লেস্টেশনের আনুষ্ঠানিক নেটওয়ার্ক স্ট্যাটাস পেজে সমস্যার কথা স্বীকার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিপর্যয়টি প্লেস্টেশনের গেমিং ও সামাজিক সেবাগুলোকে প্রভাবিত করেছে, ফলে খেলোয়াড়রা অনলাইন সুবিধাগুলো ব্যবহারে হিমশিম খাচ্ছেন।
স্ট্যাটাস পেজের সতর্কবার্তায় বলা হয়েছে, ‘গেম, অ্যাপ বা নেটওয়ার্ক সুবিধা চালু করতে আপনার সমস্যা হতে পারে। যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধানের জন্য আমরা কাজ করছি। ধৈর্য ধরার জন্য ধন্যবাদ।’
আক্রান্ত অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁদের ইন্টারনেট সংযোগ স্বাভাবিকভাবেই কাজ করছিল; অর্থাৎ সমস্যাটি বিশেষভাবে প্লেস্টেশনের নিজস্ব অনলাইন সেবাতেই ছিল। কয়েকজন পিএস৫ মালিক জানান, তাঁদের কনসোল ইন্টারনেট সংযোগ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেও ‘অনলাইন সেবায় সাইন ইন’ পরীক্ষাটি ব্যর্থ হয়েছে।
বাস্তব সময়ে সেবা বিপর্যয় পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যে বিপর্যয়ের মাত্রা ধরা পড়েছে। বুধবার বিকেল পর্যন্ত ওই সাইটে প্লেস্টেশন বিপর্যয় নিয়ে ব্যবহারকারীদের ১ হাজার ২২৮টি প্রতিবেদন জমা পড়ে।
ডাউনডিটেক্টর ব্যবহারকারীদের জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে বিপর্যয় পর্যবেক্ষণ করে; হঠাৎ প্রতিবেদনের সংখ্যা বেড়ে যাওয়া বড় সংখ্যক মানুষের একই ধরনের কারিগরি সমস্যায় পড়ার ইঙ্গিত দিতে পারে। তবে এসব প্রতিবেদন কোনো আনুষ্ঠানিক বিপর্যয়ের ব্যাপ্তি স্বাধীনভাবে নিশ্চিত করে না।
বিপর্যয়ের কোনো আনুষ্ঠানিক কারণ এখনো জানা যায়নি। তবে সমস্যাটি দেখা দেওয়ার সময়টি প্রশ্ন তুলেছে—এটি সম্প্রতি প্রকাশিত পিএস৫ সফটওয়্যার আপডেটের সঙ্গে যুক্ত কি না। সনি মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছিল, জিটিএ সিক্স খেলতে চাওয়া ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় একটি সিস্টেম সফটওয়্যার আপডেট তারা চালু করেছে।
সনির আনুষ্ঠানিক সমস্যা সমাধানের পরামর্শে আক্রান্ত খেলোয়াড়দের নিজেদের সিস্টেম সফটওয়্যার ও ইন্টারনেট সংযোগ পরীক্ষা করে দেখতে বলা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে জিটিএ সিক্স মুক্তি পাওয়ার কথা রয়েছে, ফলে প্লেস্টেশন ব্যবহারকারীদের জন্য এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গেমটিকে ইতিহাসের সবচেয়ে প্রতীক্ষিত গেম হিসেবে বর্ণনা করা হচ্ছে; আইকনিক জিটিএ ফ্র্যাঞ্চাইজির এই নতুন কিস্তি আসছে ১৩ বছর পর, আর গেমটি ঘিরে উন্মাদনা এতটাই বেশি যে খেলার জন্য কর্মীদের ছুটি নেওয়ার খবরও গণমাধ্যমে এসেছে।



