শীতের ছুটিতে কোস্টা রিকা যাওয়া কঠিন হচ্ছে আমেরিকানদের জন্য: কমছে ফ্লাইট ও আসন, বাড়ছে ভাড়া

শীতের ব্যস্ত ছুটির মৌসুমে জনপ্রিয় পর্যটন গন্তব্য কোস্টা রিকায় যেতে আমেরিকান ভ্রমণকারীদের জন্য ফ্লাইটের সুযোগ কমছে এবং ভাড়া বাড়ছে। বিমান চলাচল বিশ্লেষণ প্রতিষ্ঠান সিরিয়ামের ফ্লাইট সূচির তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় ডিসেম্বর ও জানুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে কোস্টা রিকায় কম ফ্লাইট ও কম আসন নির্ধারণ করছে এয়ারলাইনগুলো।
ছুটির পরের সময়ে এই হ্রাস সবচেয়ে বেশি চোখে পড়বে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র থেকে কোস্টা রিকায় উপলব্ধ আসনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫ শতাংশ কমার কথা রয়েছে।
লাইবেরিয়ার তুলনায় সান হোসে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। লাইবেরিয়া কোস্টা রিকার গুয়ানাকাস্তে অঞ্চলের জনপ্রিয় সৈকত ও রিসোর্টগুলোর প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়।
সিরিয়ামের তথ্য অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারির জন্য সান হোসেতে অগ্রিম বুকিং গত বছরের চেয়ে পিছিয়ে আছে। লাইবেরিয়াতেও বুকিং কমেছে। তবে সিরিয়াম সতর্ক করেছে, এই বুকিং পরিসংখ্যানে এয়ারলাইনগুলোর কাছে সরাসরি করা সব সংরক্ষণ অন্তর্ভুক্ত নয়।
এই পরিবর্তনের আগে চলতি বছরেই কয়েকটি এয়ারলাইন সেবা কমিয়েছে। জেটব্লু অরল্যান্ডো থেকে সেবা স্থগিত করেছে, আর ফ্রন্টিয়ার আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সান হোসে ফ্লাইট বিরতি দিয়েছে বলে কোস্টা রিকার সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজের (সিইটি) অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয়েছে।
সিইটির প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে সান হোসের বিমানবন্দরে গত বছরের তুলনায় সাপ্তাহিক ৭০টি ফ্লাইট কম ছিল, আর লাইবেরিয়ায় বেড়েছিল ১০টি। সান হোসেতেই হ্রাস বেশি প্রকট হয়েছে।
ফ্লাইট কমার পাশাপাশি টিকিটের দামও বাড়ছে। সিরিয়ামের তথ্য বলছে, ২০২৬ সালের প্রথম আট মাসজুড়ে যুক্তরাষ্ট্র থেকে ভাড়া ২০২৫ সালের একই সময়ের তুলনায় বেশি ছিল। আগস্টে গড় ভাড়া পৌঁছায় প্রায় ৩৯১ ডলারে, যা এক বছর আগে ছিল প্রায় ২৭৬ ডলার।
কোস্টা রিকার জন্য এই হ্রাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সিইটির তথ্য অনুযায়ী দেশটির নির্ধারিত এয়ারলাইন আসনের প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রের। কোস্টা রিকান ট্যুরিজম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, পর্যটন দেশটির আয়ের বড় উৎসও — ২০২৫ সালে এই খাত থেকে আয় হয় প্রায় ৫৫৪ কোটি ডলার।
আসন কমা মানেই শেষ পর্যন্ত পর্যটক কমবে, তা নয়। তবে শীতের ভ্রমণের পরিকল্পনা করা আমেরিকানদের জন্য সরাসরি (ননস্টপ) ফ্লাইট বেছে নেওয়ার সুযোগ কমে যেতে পারে।
এর মধ্যে গুয়ানাকাস্তে চলতি বছরে আরেকটি কারণে আমেরিকান ভ্রমণকারীদের নজরে এসেছে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জুলাইয়ে ওই প্রদেশের জন্য লেভেল ২ ভ্রমণ স্বাস্থ্য সতর্কতা জারি করে চিকুনগুনিয়া প্রাদুর্ভাবের কারণে; বেশির ভাগ আক্রান্তের খবর মিলেছে জনপ্রিয় সৈকত গন্তব্য প্লায়া ল্যাঙ্গোস্তার আশপাশে।
সিডিসি ওই এলাকায় ভ্রমণকারীদের মশার কামড় থেকে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে, যার মধ্যে রয়েছে পোকামাকড় প্রতিরোধক ব্যবহার এবং লম্বা হাতার শার্ট ও প্যান্ট পরা।



