নিউইয়র্কে ভ্যান গঘের চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে, নাৎসি আমলের বিরোধ মিটিয়ে

নিলাম প্রতিষ্ঠান সোথবিস ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম রেকর্ড ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি করেছে।
‘শাতানিয়ে অঁ ফ্ল্যর’—যার অর্থ ‘ফুলে ভরা চেস্টনাট গাছ’—বিক্রির এই দাম শিল্পীর আগের নিলাম রেকর্ড ১১ কোটি ৭২ লাখ ডলারকে ছাড়িয়ে গেছে; আগের রেকর্ডটি হয়েছিল ২০২২ সালে।
বুধবার নিউইয়র্কে এই ঐতিহাসিক বিক্রি হয় এমন এক শেষ মুহূর্তের সমঝোতার পর, যেখানে দাবি করা হয়েছিল যে নাৎসিদের উত্থানের সময় চিত্রকর্মটি চাপের মুখে বিক্রি করা হয়েছিল—সেই বিরোধের নিষ্পত্তি করা হয়।
‘শাতানিয়ে অঁ ফ্ল্যর’ আঁকা হয়েছিল ১৮৯০ সালে, ভ্যান গঘের জীবনের শেষ দুই মাসে। সোথবিসের মতে, ওই সময়ের যেসব গুরুত্বপূর্ণ শিল্পকর্ম এখনো ব্যক্তিগত হাতে রয়ে গেছে, এটি সেগুলোর অন্যতম।
কে চিত্রকর্মটি কিনেছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
বিক্রির আগে তেলচিত্রটির মূল্য ১৮ কোটি ডলার অনুমান করা হয়েছিল। এটি ব্লাকিয়ে-আরিয়েতা সংগ্রহ নামে একটি সেটের অংশ হিসেবে নিলামে তোলা হয়।
নিলামের কয়েক ঘণ্টা আগে সোথবিস ঘোষণা করে, চিত্রকর্মটির বিক্রি নিয়ে ব্লাকিয়ে-আরিয়েতা পরিবার এবং কাজটির আগের জার্মান মালিক ফিশার পরিবারের উত্তরাধিকারীদের মধ্যে বিরোধের নিষ্পত্তি হয়েছে।
ফিশার পরিবারের উত্তরাধিকারীদের পক্ষে কাজ করা প্রতিনিধিরা দাবি করেছিলেন, নাৎসিদের উত্থানের সময় চিত্রকর্মটি হয়তো চাপের মুখে বিক্রি করা হয়েছিল। পরিবারের উত্তরাধিকারীদের একজন আইনজীবী সোথবিসকে লিখে জানিয়েছিলেন বলে জানা গেছে, নাৎসিদের অধীনে ফিশার পরিবারের প্রকাশনা প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমস্টারডামে চিত্রকর্মটি বিক্রি করা হয়।
সোথবিস বুধবার বলেছে, চিত্রকর্মটির জটিল নাৎসি যুগের ইতিহাস এবং হলোকাস্টের সময় ফিশার পরিবারের ভোগান্তির স্বীকৃতিস্বরূপ দুই পরিবার পারস্পরিক সন্তোষজনক সমঝোতায় পৌঁছেছে এবং তাঁদের চুক্তি অনুযায়ী কাজটি বিক্রি করা হবে।
সোথবিসের ওয়েবসাইটে তেলচিত্রটির উৎস বিবরণ দেওয়া হয়েছে এবং ১৮৯০ সাল থেকে শিল্পকর্মটি কীভাবে হাতবদল হয়েছে তা নিয়ে প্রতিষ্ঠানটির গবেষণার কথা বলা হয়েছে।
সোথবিসের ভাষ্য অনুযায়ী, বিখ্যাত জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে এটি অর্জন করেন এবং ১৯৩৪ সালে তাঁর মৃত্যুর পর এটি তাঁর পরিবারের কাছে থেকে যায়। চিত্রকর্মটি ১৯৩২ বা ১৯৩৩ সালে আমস্টারডামে পল ক্যাসিরারের কাছে জমা রাখা হয়েছিল, এরপর ১৯৩৬ সালে প্যারিসে হেনরিয়েট ও মার্সেল কাপফেরারের কাছে যায়।
নিলাম প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্লাকিয়ে পরিবার ১৯৭৫ সালে এটি অর্জন করে এবং সর্বশেষ বিক্রির আগে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে এটির মালিক ছিল।




