সিডনিতে জোড়া খুনের মামলায় সাবেক পুলিশ কর্মকর্তার দাবি ‘চরম কাল্পনিক’: প্রসিকিউশন

অস্ট্রেলিয়ার সিডনিতে জোড়া খুনের মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ কর্মকর্তা বিউ লামার-কন্ডনের বর্ণনা ‘চরম মাত্রায় কাল্পনিক’ বলে আদালতে যুক্তি দিয়েছে প্রসিকিউশন। জেসি বেয়ার্ড ও লুক ডেভিসের মৃত্যু নিয়ে অভিযুক্তের দাবিগুলোকে এভাবেই বর্ণনা করেছেন ক্রাউন প্রসিকিউটর ব্রেট হ্যাটফিল্ড।
লামার-কন্ডনের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি সিডনির প্যাডিংটনে বেয়ার্ডের বাড়িতে নিজের পুলিশি সার্ভিস অস্ত্র দিয়ে গুলি করে তিনি বেয়ার্ড ও তাঁর নতুন সঙ্গী ডেভিসকে হত্যা করেন।
অভিযুক্ত নিজেকে নির্দোষ দাবি করেছেন। তাঁর বিরুদ্ধে দুটি হত্যার অভিযোগ ও বেআইনি অনুপ্রবেশের একটি অভিযোগ আনা হয়েছে, কোনোটিতেই তিনি দোষ স্বীকার করেননি।
বৃহস্পতিবার হ্যাটফিল্ড তাঁর সমাপনী বক্তব্য দেওয়া শুরু করেন। জোড়া খুনের এই বিচার এখন নবম সপ্তাহে পৌঁছেছে।
প্রতিপক্ষের আইনজীবীদের যুক্তি ছিল, অভিযুক্ত আত্মরক্ষায় কাজ করার সময় ধস্তাধস্তির মধ্যে দুজনের মৃত্যু ঘটে।
লামার-কন্ডন এর আগে আদালতকে বলেছিলেন, বেয়ার্ডের হাত থেকে ছুরি ফেলাতে তিনি তাঁর কাঁধে গুলি করতে চেয়েছিলেন। আর দুজন মাটিতে পড়ে যাওয়ার সময় দুর্ঘটনাবশত দ্বিতীয় গুলিটি চলে যায়।
কিন্তু হ্যাটফিল্ড বলেন, প্রথম গুলির আঘাতেই যেকোনো মানুষের জ্ঞান হারানোর কথা। তিনি বলেন, ‘সাধারণ বুদ্ধি দিয়েই বোঝা যায়, এমন আঘাত পাওয়ার পর কেউ সঙ্গে সঙ্গে বাঁ হাতে পিস্তল ধরে সেটি বহনকারী ব্যক্তিকে জোরে টেনে মাটিতে ফেলে দেবে—এটি সম্পূর্ণ অসম্ভব। এমন দৃশ্য চরম মাত্রায় কাল্পনিক বলেই মনে হতে পারে।’
তাঁর যুক্তি, শুধু ফরেনসিক ও ব্যালিস্টিক প্রমাণের জোরেই লামার-কন্ডনকে দোষী সাব্যস্ত করা যেতে পারে।
প্রসিকিউশনের ভাষ্য, গুলির দিক ও বেয়ার্ডের শরীরের ক্ষতের ফরেনসিক প্রমাণ ইঙ্গিত দেয়, বেয়ার্ড পেছনের দরজার দিকে পালানোর সময় লামার-কন্ডন তাঁর পিঠে গুলি করেছিলেন। গুলির চিহ্নের উচ্চতা অনুযায়ী, সেই সময় বেয়ার্ড নিচু হয়ে বা ঝুঁকে ছিলেন।
মেঝে ভেদ করে যাওয়া গুলির প্রায় খাড়া গতিপথ বেয়ার্ডের মন্দির (কানের পাশ) ভেদ করা একটি নিয়ন্ত্রিত গুলির দিকেই ইঙ্গিত করে বলে জানান হ্যাটফিল্ড। তিনি এটিকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের ধাঁচের গুলি’ বলে অভিহিত করেন।
ক্রাউন প্রসিকিউটর আদালতকে বলেন, দুটি গুলির মধ্যকার সময়ের ব্যবধান ছিল মাত্র দ্রুত দুই থেকে তিন কদম হাঁটার মতো। তাঁর ভাষায়, অভিযুক্তের বর্ণনা করা ‘অদ্ভুত ধস্তাধস্তি আর টানাহেঁচড়ার’ সুযোগ সেখানে ছিল না।
হ্যাটফিল্ডের ভাষ্য, এই পর্যায়ে ডেভিস নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন, ‘গুরুতর কিছু একটা ঘটছে’। তিনি ট্রিপল জিরোতে (জরুরি নম্বর) ফোন করার চেষ্টা করেন। এরপর দরজা ভেদ করে মাথায় ঢুকে যাওয়া একটি গুলিতেই তাঁর মৃত্যু হয়—এতে কোনো সন্দেহ নেই বলে জানান প্রসিকিউটর। দরজায় গুলির পোড়া দাগ (স্টিপলিং) পাওয়া গেলেও মরদেহে তা পাওয়া যায়নি, এ তথ্যও আদালতকে জানান তিনি।
হ্যাটফিল্ড আরও বলেন, বেয়ার্ড ছুরি নিয়ে অভিযুক্তের দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ডেভিস বন্দুক তুলে অভিযুক্তের দিকে তাক করেছিলেন—প্রতিপক্ষের এই দাবিগুলোর একমাত্র উৎস সাবেক ওই কর্মকর্তা নিজেই। তাঁর ভাষায়, ‘তিনি যা বলেছেন, তার কোনো অংশকেই তাঁর বাইরের স্বাধীন কোনো কিছু সমর্থন করে না।’
বিচারপতি নাটালি অ্যাডামসের আদালতে মামলাটির বিচার চলছে।




