হেগে আজ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়: নুরেমবার্গ থেকে রুয়ান্ডা, আগের গণহত্যা বিচারগুলো কীভাবে হয়েছিল

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আজ বৃহস্পতিবার মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা করবে। ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে করা এই মামলায় অভিযোগ আনার সাত বছর পর রায় আসছে।
বৃহস্পতিবার হেগের স্থানীয় সময় সকাল ১০টায় দ্য হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় পড়া শুরু হবে।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে ২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার মুসলিমপ্রধান দেশ গাম্বিয়া জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে অভিযোগ দায়ের করেছিল।
গাম্বিয়ার অভিযোগ দায়েরের পরের বছর জানুয়ারিতে আইসিজে একটি অন্তর্বর্তী রায় দিয়েছিল। সেই রায়ে রাখাইনের অবশিষ্ট রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়াসহ আরও কিছু আদেশ দেওয়া হয়েছিল।
আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিন বিবিসি বাংলাকে বলেছেন, এই রায়ে কোনো ব্যক্তিকে বিচারের আওতায় আনা যাবে না, এখানে কোনো দণ্ড হবে না; আদালত শুধু একটি ঘোষণা দিতে পারে। বিশ্লেষকদের মধ্যে তাই এই রায়ে সত্যিকার অর্থে কতটা বিচার প্রতিষ্ঠা পাবে, তা নিয়ে শঙ্কাও রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫–১৯৪৬ সালে জার্মানির নুরেমবার্গে আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে বিচার হয়েছিল। যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স ও ব্রিটেন থেকে আসা বিচারকেরা সেই বিচারকাজ পরিচালনা করেন।
নুরেমবার্গে বিচার চলে প্রায় ২১৮ দিন ধরে। সেখানে হাজির করা হয় ২৩৬ জন সাক্ষী, উপস্থিত করা হয় প্রায় সাড়ে পাঁচ হাজার নথিপত্র এবং সংযুক্ত করা হয় প্রায় দুই লাখ সাক্ষ্যসহ লিখিত অভিযোগপত্র। ১৯৪৬ সালের ১ অক্টোবর রায়ে শীর্ষ সাতজন নাৎসি আসামিকে কারাদণ্ড, ১২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং মাত্র তিনজন বেকসুর খালাস পান। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন হ্যারমান গ্যোয়েরিং মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই তাঁর সেলে সায়ানাইড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করেন।
কম্বোডিয়ায় ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খেমার রুজ শাসনামলে হত্যা, নির্যাতন, অনাহার, জোরপূর্বক শ্রম ও রোগে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ মানুষের মৃত্যু হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। শিকার হয়েছিলেন বুদ্ধিজীবী, সংখ্যালঘু, সাবেক সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা।
১৯৭৯ সালে খেমার রুজ সরকারের পতনের পর কম্বোডিয়া সরকার জাতিসংঘের কাছে বিচারের জন্য সহযোগিতা চায়। ১৯৯৯ সালে জাতিসংঘের বিশেষজ্ঞ দল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার সুপারিশ করে এবং কম্বোডিয়ার পার্লামেন্ট বিশেষ আদালত প্রতিষ্ঠার আইন পাস করে। আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক মীর মাসুদুল আলম বিবিসি বাংলাকে বলেছেন, ওই আদালতটি ছিল কম্বোডিয়ার নিজস্ব আইনের অধীনে প্রতিষ্ঠিত একটি যৌথ বা হাইব্রিড আদালত, যেখানে আন্তর্জাতিক বিচারকদেরও অংশগ্রহণ ছিল।
সেই মামলার রায় হয় ২০১৮ সালে। জাতিসংঘ-সমর্থিত আদালত খেমার রুজের দুই শীর্ষ নেতা নওুন চিয়া ও খিউ সাম্পানকে গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। নওুন চিয়া ছিলেন খেমার রুজ সরকারের প্রধান পল পটের দুই নম্বর ব্যক্তি, আর খিউ সাম্পান ছিলেন রাষ্ট্রপ্রধান। বিচার শেষ হওয়ার আগেই পল পট ১৯৯৮ সালে মারা যান।
রুয়ান্ডায় ১৯৯৪ সালে মাত্র ১০০ দিনের মধ্যে প্রায় আট লাখ মানুষকে হত্যা করেছিল হুতু চরমপন্থীরা; শিকার ছিলেন সংখ্যালঘু টুটসি সম্প্রদায়ের মানুষ। প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা ও বুরুন্ডির প্রেসিডেন্ট সাইপ্রিয়েন নটারিয়ামিনাকে বহনকারী বিমান গুলি করে ভূপাতিত করার পর এই হত্যাকাণ্ড শুরু হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
১৯৯৪ সালের অক্টোবরে রুয়ান্ডার গণহত্যার বিচারের জন্য তানজানিয়ায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) গঠন করা হয়। ১৯৯৫ সালে গণহত্যায় জড়িত সন্দেহে কয়েকজন উচ্চপদস্থ কর্তাব্যক্তিকে অভিযুক্ত করে আইসিটিআর। প্রায় ১৫ বছর ধরে বিচারকাজ চলে এবং ২০০৮ সালে রুয়ান্ডার সাবেক তিন প্রতিরক্ষা ও সেনা কর্মকর্তাকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়।
স্রেব্রেনিৎসা গণহত্যা ঘটেছিল ১৯৯৫ সালের জুলাই মাসে বলকান গৃহযুদ্ধের সময়। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘোষিত নিরাপদ এলাকা স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব সৈন্যরা প্রায় আট হাজার বসনীয় মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করে। আন্তর্জাতিক অপরাধ আদালতে জেনারেল ম্লাদিচের বিচারের সময় কৌঁসুলিরা বলেছিলেন, বসনিয়া থেকে বসনীয় মুসলিমদের জাতিগতভাবে নির্মূল করার পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছিলেন তিনি। বলকান যুদ্ধের গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে সাবেক সার্বিয়ান প্রেসিডেন্ট স্লোবোডান মিলোসেভিচকেও বিচারের মুখোমুখি করা হয়েছিল, কিন্তু ২০০৬ সালে বিচার শেষ হওয়ার আগেই তিনি কারাবন্দী অবস্থায় মারা যান।




