রেফারির দিকে পাথর ছুড়ে আট বছরের নিষেধাজ্ঞা ইকুয়েডরের ফুটবলার পেরলাসার
রেফারির দিকে পাথর ছুড়ে মারার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পেরলাসাকে আট বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ) বুধবার এই শাস্তির ঘোষণা দিয়েছে।
ঘটনাটি ঘটেছিল গত মাসে, ১৭ অক্টোবর, তৃতীয় স্তরের একটি ম্যাচে। পেরলাসার দল ক্লাব সিউদাদ দে ইয়ান্টজাজার সঙ্গে ক্লাব রিও আগুয়ারিকো এফসির ম্যাচের ৯৬তম মিনিটে তিনি পাথর ছোড়েন, যা সহকারী রেফারি লেনিন জিওভান্নি ওহেদা নুনিয়েসের গায়ে লাগে। আঘাতের পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এফইএফ এক বিবৃতিতে জানিয়েছে, সহকারী রেফারি গুরুতর আঘাত পেয়েছেন, তাঁর অস্ত্রোপচার করতে হয়েছে এবং সুস্থ হতে ৬০ দিন সময় লাগবে।
ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ম্যাচ কর্মকর্তার ওপর শারীরিক আগ্রাসনের জন্য পেরলাসাকে দায়ী করেছে। শাস্তি অনুযায়ী ২০৩৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত তিনি ফুটবল-সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এফইএফ আরও জানিয়েছে, এই নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে কার্যকর করতে তারা ফিফার কাছে আবেদন করবে।
শুধু খেলোয়াড়ই নন, তাঁর ক্লাব ইয়ান্টজাজাকেও শাস্তি দেওয়া হয়েছে। ক্লাবটিকে ২ হাজার ডলার জরিমানা দিতে হবে, পাশাপাশি সহকারী রেফারির চিকিৎসা ব্যয় বাবদ আরও ৪ হাজার ৩৬৯ ডলার ৭৩ সেন্ট পরিশোধ করতে হবে।
ঘটনার পর ২০ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে ইয়ান্টজাজা ক্লাব রেফারি দল ও সমর্থকদের কাছে ক্ষমা চায়। ক্লাবটি জানায়, মাঠের ভেতরে বা বাইরে যেকোনো ধরনের আগ্রাসন তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে এবং ফুটবলকে সম্মান, সহাবস্থান ও ফেয়ার প্লের জায়গা হিসেবেই দেখে।
ক্লাবটি আরও জানায়, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করার পরই তাঁকে ক্লাব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফলে পেরলাসা আর ক্লাবটির অংশ নন।



