লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন উদ্বোধন প্রধানমন্ত্রীর, খালের পানিতে ছাড়লেন মাছ ও হাঁস
লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন। এ সময় স্থানীয় পর্যায়ে জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
এর আগে প্রধানমন্ত্রী দেশের একমাত্র অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সীমান্তঘেঁষা লালমনিরহাটে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভিসি এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন এবং স্মারক বইয়ে স্বাক্ষর করেন।
এ সফরে প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি।
আজ সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।
দুপুরে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি।
এরপর লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রা বিরতি শেষে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।


