মহাসচিব নির্বাচনে আট দফা ভোটেও ঐকমত্য নেই, ১ জানুয়ারি নেতৃত্বশূন্য হওয়ার শঙ্কায় জাতিসংঘ
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হতে আর দুই মাসও বাকি নেই। কিন্তু এখনও তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়ে একমত হতে পারেনি নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য। ফলে আগামী ১ জানুয়ারি থেকে জাতিসংঘ নেতৃত্বশূন্য হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন মহাসচিব নির্বাচনে চলতি সপ্তাহে আবারও গোপন ভোটাভুটি করতে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ পর্যন্ত আট দফা ভোট হলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্সের মধ্যে কোনো প্রার্থীর বিষয়ে ঐকমত্য হয়নি।
এ পরিস্থিতিতে গুতেরেস ৩১ ডিসেম্বর দায়িত্ব ছাড়ার পর নেতৃত্বের শূন্যতা কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে বিকল্প পরিকল্পনা তৈরি করছেন কর্মকর্তারা।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ ও অস্বচ্ছ নির্বাচনপ্রক্রিয়ার পাশাপাশি বড় শক্তিগুলোর মধ্যে সমঝোতার ঘাটতি এই অচলাবস্থার অন্যতম কারণ। ২০১৬ সালে গুতেরেসকে নির্বাচিত করতেও ছয় দফা ভোটের প্রয়োজন হয়েছিল।
এবারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতিসংঘের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। তাদের মধ্যে আলোচনায় এগিয়ে আছেন রেবেকা গ্রিনস্প্যান।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসাইবেহের প্রার্থিতা নিয়েও আলোচনা রয়েছে। তবে সুদানের গৃহযুদ্ধে দেশটির আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সমর্থনের অভিযোগে নুসাইবেহের প্রার্থিতা বিরোধিতার মুখে পড়েছে। আমিরাত এ অভিযোগ অস্বীকার করেছে।
নতুন মহাসচিবকে দায়িত্ব নিতে হবে নানা সংকটের মধ্যে। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমে যাওয়া, জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে ওয়াশিংটনের সরে দাঁড়ানো এবং সংস্থাটিকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার চাপ তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জাতিসংঘ সনদে মহাসচিবের পদ শূন্য হলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই। অতীতে কোনো মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার আগে তাঁর উত্তরসূরি নির্বাচিত না হওয়ার ঘটনাও ঘটেনি।
সম্ভাব্য বিকল্প হিসেবে গুতেরেসের মেয়াদ সাময়িকভাবে বাড়ানো অথবা অন্য কোনো কর্মকর্তাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে প্রতিটি বিকল্পের ক্ষেত্রেই আইনি ও রাজনৈতিক জটিলতা রয়েছে।
সাবেক জাতিসংঘ কর্মকর্তা ড্যানিয়েল সাফরান-হন বলেন, ১ জানুয়ারি মহাসচিব না থাকলে কার্যত কেউ সংস্থাটির নেতৃত্বে থাকবেন না। নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের বৈঠক চলতে পারলেও গুরুত্বপূর্ণ নিয়োগ এবং বাজেটসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হতে পারে।


