মাদুরোকে আটকের এক বছরের কম সময়ে ভেনেজুয়েলার সঙ্গে সামরিক চুক্তি করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা আবার সামরিক সম্পর্ক স্থাপন করেছে। মার্কিন বাহিনী রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির তৎকালীন নেতা নিকোলাস মাদুরোকে আটকের এক বছরেরও কম সময়ের মধ্যে এই সম্পর্ক পুনঃস্থাপিত হলো।
মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে।
চুক্তির বিস্তারিত এখনো খুব কমই প্রকাশ করা হয়েছে। তবে হেগসেথ বলেছেন, ১২ মাসেরও কম সময়ে ভেনেজুয়েলা ‘আমাদের সবচেয়ে আগ্রাসী আঞ্চলিক হুমকি থেকে অনুগত নিরাপত্তা অংশীদারে’ পরিণত হয়েছে।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেছেন, এই চুক্তি ‘অভিন্ন হুমকি’ মোকাবিলায় সাহায্য করবে। রাষ্ট্রপতি প্রাসাদে বৈঠকে হেগসেথকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মাত্র কয়েক মাসে আমরা আমাদের জনগণের জন্য অত্যন্ত কঠিন মুহূর্তগুলোকে দুই দেশের জন্যই সহযোগিতা ও পারস্পরিক সুবিধার জায়গায় পরিণত করেছি।’ তিনি চুক্তিটিকে দুই দেশের সম্পর্কের জন্য ‘অসাধারণভাবে প্রাসঙ্গিক’ বলেও অভিহিত করেছেন।
রদ্রিগেজ তাঁর বক্তব্যে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ, তাদের ‘অপারেশনাল সরঞ্জাম’ উন্নত করা এবং ‘অভিন্ন হুমকি মোকাবিলায়’ নতুন প্রযুক্তির সুবিধা পাওয়ার কথা উল্লেখ করেছেন।
দুই দেশের সামরিক সহযোগিতা ২০০৫ সালে বন্ধ করে দিয়েছিলেন ভেনেজুয়েলার তৎকালীন বামপন্থী প্রেসিডেন্ট হুগো চাভেজ। তাঁর অভিযোগ ছিল, ভেনেজুয়েলায় প্রশিক্ষণ দিতে আসা মার্কিন সামরিক কর্মীরা তাঁর সরকার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। দেশের বৃহত্তম সামরিক কমপ্লেক্স ফুয়ের্তে তিউনায় অবস্থিত মার্কিন সামরিক দপ্তরকে তিনি ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সিআইএর একটি অঙ্গ’ বলেও অভিযুক্ত করেছিলেন।
ক্যানসারে মারা যাওয়া চাভেজের উত্তরসূরি মাদুরোর আমলে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়। গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র মাদুরোকে ধরিয়ে দেওয়ার তথ্যের পুরস্কার দ্বিগুণ করে ৫ কোটি ডলার করে এবং শেষ পর্যন্ত ৩ জানুয়ারি সামরিক অভিযান চালিয়ে তাঁকে আটক করে। মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এখন নিউইয়র্কে মাদক পাচার ও নির্যাতনের ষড়যন্ত্রের অভিযোগে আটক রয়েছেন; তাঁরা অভিযোগ অস্বীকার করেছেন।
কারাকাসে মার্কিন দূতাবাসে দেওয়া বক্তব্যে হেগসেথ বলেন, ‘এই শতাব্দীতে প্রথম মার্কিন যুদ্ধমন্ত্রী হিসেবে ভেনেজুয়েলায় পা রাখা আমার জন্য মহান সম্মানের। এই মুহূর্তের গুরুত্ব আমার অগোচরে নয়।’ তিনি আরও বলেন, ‘মাত্র এক বছর আগেও এখানে আমার উপস্থিতি, আমাদের উপস্থিতি অসম্ভব, প্রায় অকল্পনীয় বলে মনে হতো।’
হেগসেথ বুধবার তাঁর ও ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর সই করা চুক্তিকে ‘আমেরিকাস কাউন্টার কার্টেল কোয়ালিশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা, ভেনেজুয়েলার সামরিক বাহিনী ও পশ্চিম গোলার্ধের জন্য একটি নতুন অধ্যায়’ বলে বর্ণনা করেছেন।
মার্কিন দূতাবাসে বক্তব্যে ‘মাদক–সন্ত্রাসীদের’ উদ্দেশে হেগসেথ আরও সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। ভেনেজুয়েলাকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহারকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা তোমাদের খুঁজে বের করব, আমরা তোমাদের খুঁজে পাব এবং আমরা তোমাদের হত্যা করব।’
ভেনেজুয়েলা থেকে হেগসেথ প্রতিবেশী কলম্বিয়ায় যান। কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মিত্র। কলম্বিয়া ইতিমধ্যে মার্কিন নেতৃত্বাধীন আমেরিকাস কাউন্টার কার্টেল কোয়ালিশনের অংশ এবং গত আগস্টে হেগসেথ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ মার্কিন–কলম্বিয়ান সামরিক অভিযানের সম্ভাবনার কথা তুলেছিলেন।




