প্রায় ৫০ বছর পর পৃথিবী থেকে এক আলোকদিন দূরে ভয়েজার-১, দূরত্ব প্রায় ২৬ বিলিয়ন কিলোমিটার
নাসার মহাকাশযান ভয়েজার-১ পৃথিবী থেকে এক আলোকদিবস দূরত্বে পৌঁছেছে। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, ১৯৭৭ সালে উৎক্ষেপণের প্রায় ৫০ বছর পর এই মাইলফলক অর্জন করেছে মহাকাশযানটি।
নাসার তথ্য অনুযায়ী, ভয়েজার-১ মানবসৃষ্ট সবচেয়ে দূরবর্তী মহাকাশযান। বর্তমানে এটি পৃথিবী থেকে প্রায় ২৬ বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে।
এক আলোকদিন হলো আলো ২৪ ঘণ্টায় যে দূরত্ব অতিক্রম করে। ফলে পৃথিবী থেকে পাঠানো কোনো বার্তা ভয়েজার-১-এর কাছে পৌঁছাতে এক দিন লাগে, এবং সেখান থেকে উত্তর আসতে আরও এক দিন সময় লাগে।
নাসার বিজ্ঞানী টিফানি কাটারিয়া বলেন, মহাকাশ কতটা বিশাল, ভয়েজার-১-এর এই যাত্রা তার বড় উদাহরণ। অন্য নক্ষত্রব্যবস্থায় পৌঁছানোর স্বপ্ন দেখলেও নিজেদের সৌরজগতের প্রান্তে পৌঁছাতেই মহাকাশযানটির প্রায় ৫০ বছর লেগেছে বলে তিনি উল্লেখ করেন।
১৯৭৭ সালে উৎক্ষেপণ করা ভয়েজার-১ ও এর যমজ মহাকাশযান ভয়েজার-২ এখন পর্যন্ত আন্তঃনাক্ষত্রিক মহাকাশে পৌঁছানো একমাত্র মহাকাশযান। নাসার ধারণা, ভয়েজার-২ ২০৩৫ সালে এক আলোকদিন দূরত্বে পৌঁছাবে।
শক্তি সাশ্রয়ের জন্য ভয়েজার-১-এর ক্যামেরাসহ কয়েকটি যন্ত্র বন্ধ রাখা হয়েছে। তবে এটি এখনো মহাকাশের চৌম্বকক্ষেত্র, গ্যাস ও ধূলিকণাসহ বিভিন্ন বিষয়ে তথ্য পাঠাচ্ছে।
মহাকাশযান দুটিতে রয়েছে ‘গোল্ডেন রেকর্ড’ নামে সোনার প্রলেপ দেওয়া তামার ডিস্ক, যাতে পৃথিবী ও মানবসভ্যতার পরিচয় তুলে ধরা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো ভিনগ্রহের প্রাণী এগুলো খুঁজে পেলে পৃথিবী সম্পর্কে জানতে পারে।
দীর্ঘ যাত্রায় ভয়েজার মহাকাশযান দুটি বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ অনুসন্ধান করেছে। ভয়েজার-১-এর পাঠানো ছবিতে প্রথমবারের মতো বৃহস্পতির বলয়ের অস্তিত্বও ধরা পড়ে।


