জুরফ আল-সাখর নিয়ে কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সমঝোতায় পৌঁছাল ইরাক সরকার
ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, বাগদাদের দক্ষিণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সমঝোতার অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী জুরফ আল-সাখর শহরে একটি যৌথ অপারেশন কেন্দ্র স্থাপন করবে।
জুরফ আল-সাখর এলাকা দীর্ঘদিন ধরে কাতাইব হিজবুল্লাহর শক্ত ঘাঁটি। কাতাইব হিজবুল্লাহ তেল চোরাচালান করছে — এমন অভিযোগের মধ্যে সরকার এলাকাটিতে নিরাপত্তা বাহিনী পাঠানোর পরিকল্পনা ঘোষণা করার পরই এই নতুন সমঝোতা এল।
বৃহস্পতিবার গভীর রাতে হওয়া সমঝোতা অনুযায়ী এলাকাটিতে একটি সম্মিলিত বাহিনী মোতায়েন করা হবে। এতে থাকবে ইরাকি সেনাবাহিনীর একটি ব্রিগেড, ফেডারেল পুলিশের একটি ব্রিগেড, এলাকার তেল পাইপলাইন পাহারার জন্য এনার্জি পুলিশের একটি রেজিমেন্ট এবং পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) কমিশনের দুটি ব্রিগেড। পিএমএফ আনুষ্ঠানিকভাবে ইরাকের নিরাপত্তা বাহিনীর অংশ সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট, যার মধ্যে কাতাইব হিজবুল্লাহর কিছু যোদ্ধাও রয়েছে।
ইরাকের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন যৌথ অপারেশন কেন্দ্রটি শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টায় (গ্রিনিচ মান সময় রাত ৩টা) চালু হবে।
এর আগে ইরাকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে বলেছিলেন, শুক্রবারের মধ্যে জুরফ আল-সাখর ছাড়তে হবে কাতাইব হিজবুল্লাহকে। গোষ্ঠীটি সরকারি সেনাদের মুখোমুখি হওয়ার হুমকি দিয়েছিল এবং রাষ্ট্রবহির্ভূত মিলিশিয়াদের নিরস্ত্র করার সরকারি প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছিল।
সপ্তাহের শুরুর দিকে ইরাকের আরেক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে একটি সমাধানের জন্য চাপ দিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইরাকে এসেছিলেন।


