সুপার সিক্সে উঠতে না পারায় নারী দলের নির্বাচন ও ব্যাটিং নিয়ে প্রশ্ন জাহানারার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের একের পর এক টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফির সুপার সিক্সে জায়গা করে নিতে না পারায় দল নির্বাচন ও ব্যাটিংয়ের ধরন নিয়ে সরাসরি সমালোচনা করেছেন অভিজ্ঞ এই পেসার।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে জাহানারা লিখেছেন, ‘অবিশ্বাস্য! চলমান আইসিসি উইমেনস ইমার্জিং নেশনস ট্রফির সুপার সিক্সে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ নারী দল। বাংলাদেশের নারী ক্রিকেটের উন্নতি হয়ে থাকলে উদীয়মান দলগুলোর মধ্যে সেরা ছয়েও জায়গা হলো না কেন? মনে আছে, একসময় নেদারল্যান্ডস আমাদের কাছে নিয়মিত হারত।’
দলের ব্যাটিং ও খেলোয়াড় নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন জাহানারা। বিশেষ করে তিন নম্বরে শারমিন আক্তার সুপ্তাকে নিয়মিত সুযোগ দেওয়া হলেও টি-টোয়েন্টি বিশেষজ্ঞ জুয়াইরিয়া ফেরদৌস জয়ীতাকে এক ম্যাচেও খেলানো হয়নি—এ বিষয়টি তাঁর সমালোচনায় উঠে এসেছে।
জাহানারার প্রশ্ন, ‘শারমিন আক্তার সুপ্তাকে যদি তিন নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনে ওয়ানডে মেজাজে ব্যাটিং করার পরও প্রতিটি ম্যাচে সুযোগ দেওয়া হয়, তাহলে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ জুয়াইরিয়া ফেরদৌস জয়ীতাকে দলে আনা হলো কেন? একটি ম্যাচেও জয়ীতাকে নিজের সামর্থ্য ও আক্রমণাত্মক ব্যাটিং দেখানোর সুযোগ দেওয়া হয়নি। অথচ সুযোগ পেলে সে কেমন খেলতে পারে, তা আমাদের জানা।’
সুপ্তাকে প্রতিটি ম্যাচে সুযোগ দেওয়া নিয়েও প্রশ্ন তুলে জাহানারা লিখেন, ‘সুপ্তা কেন প্রতিটি ম্যাচে খেলার সুযোগ পেলেন? টি-টোয়েন্টির সেই আগ্রাসী মানসিকতার অভাব ছিল পুরো দলেই। সত্যিই হতাশাজনক!’
সাম্প্রতিক সময়েও বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। গত সেপ্টেম্বরে নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছে বাংলাদেশ। এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হারের পর ব্রোঞ্জ পদকের লড়াইয়েও পাকিস্তানের কাছে ৩১ রানে পরাজিত হয় দল। এরপর অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানার দল।
এ ছাড়া ইমার্জিং নেশনস ট্রফিতে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হার দিয়ে অভিযান শুরু করে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ালেও নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হারে তারা। শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৩ রানে হারিয়েও লাভ হয়নি। চার ম্যাচে দুই জয় ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে নেট রানরেটে জিম্বাবুয়ের পেছনে থেকে সুপার সিক্সে ওঠা হয়নি বাংলাদেশের।



