খেলার মাঠে বলের আঘাতে আহত ১২ বছরের লিটল লিগ খেলোয়াড় জেভিয়ার টেলরের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ১২ বছর বয়সী লিটল লিগ খেলোয়াড় জেভিয়ার টেলর মারা গেছে। লিটল লিগের একটি খেলার সময় বলের আঘাতে আহত হওয়ার পর কয়েক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। বুধবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া ঘোষণায় তার মৃত্যুর খবর জানানো হয়।
গত ২৬ মে একটি খেলার আগে অনুশীলনের (ওয়ার্ম-আপ) সময় জেভিয়ার দুর্ঘটনাবশত মাথায় বলের আঘাত পায় এবং মাঠেই লুটিয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাকে বিমানযোগে (এয়ারলিফট) স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেটরে রাখা হয়।
জেভিয়ারের বাবা গ্রেগ টেলর সিবিএস ফিলাডেলফিয়াকে বলেছেন, ডাগআউটের দিকে ফিরে যাওয়ার সময় বলটি জেভিয়ারের ঘাড়ের পেছনে লাগে এবং তার হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়ে যায়।
হাসপাতালে থাকার সময়জুড়ে বৃহত্তর বেসবল সম্প্রদায়ের কাছ থেকে সমর্থন পেয়েছে জেভিয়ার, বিশেষ করে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার বাইরে দক্ষিণ নিউ জার্সি এলাকা থেকে। দেশজুড়ে লিটল লিগ দলগুলো জেভিয়ারের ৬ নম্বর জার্সি সংবলিত শার্ট পরে তাকে সমর্থন জানিয়েছে।
টাম্পা বে রেজ দল পরিবারটির কাছে সমর্থন জানিয়ে একটি ভিডিও পাঠিয়েছে। ফিলাডেলফিয়া ফিলিসের ক্যাচার গ্যারেট স্টাবস হাসপাতালে গিয়ে জেভিয়ারের সঙ্গে দেখা করেন এবং তাকে একটি স্বাক্ষরিত ব্যাট উপহার দেন।
জেভিয়ারের বাবা-মা ‘জেভিয়ার স্ট্রং’ নামে একটি গ্রুপ এবং ‘অল থিংস ফাউন্ডেশন’ গড়ে তোলেন। এই দুই সংগঠন যৌথভাবে বুধবার জেভিয়ারের মৃত্যুর খবর ঘোষণা করে।
পরিবারের বন্ধু ও মুখপাত্র সারাহ ডিফিলিপো এনবিসি ১০ ফিলাডেলফিয়াকে বলেন, ‘জেভ ছিল আনন্দের সংজ্ঞা। সে একটি ঘর আলোকিত করে তুলত।’ তিনি আরও বলেন, জেভিয়ারের হাসি ও উপস্থিতি যেখানেই যেত ভালোবাসা ছড়িয়ে দিত; সে ছিল উৎসাহদাতা ও অনুপ্রেরণাদায়ী এবং একেবারেই অনন্য।
বৃহস্পতিবারের ঘোষণায় অল থিংস ফাউন্ডেশন ও জেভিয়ার স্ট্রং জেভিয়ারের বিশ্বাসের কথা উল্লেখ করে বলে, মাত্র বারো বছর বয়সে জেভিয়ার এমন একটি উদ্দেশ্য পূরণ করেছে, যা অনেকে সারা জীবনেও খুঁজে পায় না, এবং তার উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হতে থাকবে।




