জর্জিয়ার তিবিলিসিতে আবাসিক ভবনে সন্দেহভাজন গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৬ জন নিহত, ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু
জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে একটি পাঁচতলা আবাসিক ভবনে সন্দেহভাজন প্রাকৃতিক গ্যাস বিস্ফোরণে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। বিস্ফোরণে ভবনটির একটি অংশ ধসে পড়ে। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে তিবিলিসির শহরতলির পনিচালা এলাকার ওই আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সুলখান তামাজাশভিলি জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন। নিহতদের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে।
কয়েক ঘণ্টার উদ্ধার অভিযানের পর তিন বছর বয়সী একটি মেয়েকে ধ্বংসস্তূপ থেকে জীবিত বের করে আনা হয়। ওই মুহূর্তে ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন করতালি দিয়ে স্বাগত জানান।
জরুরি ব্যবস্থাপনা সেবার প্রধান তেইমুরাজ মগেব্রিশভিলি এএফপিকে জানিয়েছেন, নিহত নারীদের একজন ওই মেয়েটির মা বলে ধারণা করা হচ্ছে।
ইনগোরোকভা ইউনিভার্সিটি ক্লিনিকের চিকিৎসকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মেয়েটির অবস্থা স্থিতিশীল এবং স্ক্যানে তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জর্জিয়ার পাবলিক ব্রডকাস্টার ১টিভি এ তথ্য জানিয়েছে।
একই সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ১১ বছর বয়সী একটি ছেলেও নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে, যদিও তার অবস্থা তুলনামূলক স্থিতিশীল বলে বর্ণনা করা হয়েছে।
তামাজাশভিলি জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত মিলেছে, পঞ্চম তলায় একজন বাসিন্দা গ্যাস হিটার চালু করতে গেলে বিস্ফোরণ ঘটে।
তবে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিবিলিসি এনার্জি জানিয়েছে, বিস্ফোরণের সম্ভাব্য উৎস হিসেবে চিহ্নিত অ্যাপার্টমেন্টটি খালি হিসেবে নিবন্ধিত ছিল এবং গত এক বছরে সেখানে কোনো গ্যাস ব্যবহারের রেকর্ড নেই। ১টিভির খবরে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি এখনো ক্ষতিগ্রস্ত সম্পত্তিটি পরিদর্শন করতে পারেনি।
তিবিলিসির মেয়র কাখা কালাদজে জানিয়েছেন, কাঠামোগত মূল্যায়নে ভবনের দুটি অংশ অনিরাপদ পাওয়া যাওয়ার পর কর্তৃপক্ষ ২৮টি পরিবারকে সাময়িকভাবে হোটেলে সরিয়ে নেবে। এসব পরিবারে মোট ১০০ জনের বেশি বাসিন্দা রয়েছেন। জর্জিয়ার ইন্টারপ্রেসনিউজ সংস্থার খবরে এ তথ্য এসেছে।
কৌঁসুলি লেভান ভেপখভাদজে জানিয়েছেন, নিরাপত্তা বিধি লঙ্ঘনের সম্ভাবনা খতিয়ে দেখতে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।



