আবুধাবি টি-টেনে হেটমায়ারের ৩৭ বলে সেঞ্চুরি, ঈগলসের ৪০ রানের জয়

আবুধাবি টি-টেনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শিমরন হেটমায়ারের ঝড়ো সেঞ্চুরিতে বড় জয় পেয়েছে এমিরেটস ঈগলস। ৩৭ বলে সেঞ্চুরি তুলে নেওয়া হেটমায়ারের দিনে ইউনাইটেড টাইগার্সকে ৪০ রানে হারিয়েছে ঈগলস।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হেটমায়ারের সেঞ্চুরিতে ভর করে ১০ ওভারে ১৪৭ রান তোলে ঈগলস। জবাবে ইউনাইটেড টাইগার্স ১০৭ রানে অলআউট হয়ে যায়।
শুরুতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছিল ঈগলস। কাইল মায়ার্স আউট হওয়ার পর অ্যালেক্স হেলস চোটের কারণে মাঠ ছাড়লে হাল ধরেন হেটমায়ার। ডেভিড উইসেকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন জুটি গড়ে তিনি ম্যাচের চিত্র পাল্টে দেন।
হেটমায়ার ৩৯ বলে অপরাজিত ১০২ রান করেন। ৯টি চার ও ৮টি ছক্কায় সাজানো ইনিংসটির স্ট্রাইক রেট ছিল ২৬১.৫৩।
এই ইনিংসে আবুধাবি টি-টেনের এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডও গড়েছেন হেটমায়ার। চলতি আসরে ১০ ইনিংসে তাঁর সংগ্রহ দাঁড়িয়েছে ৪২৮ রান।
অন্য প্রান্তে ডেভিড উইসেও ছিলেন আক্রমণাত্মক। ১০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন তিনি; তাঁর স্ট্রাইক রেট ছিল ২৫০।
১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় টাইগার্স। তৃতীয় ওভারে হায়দার রাজ্জাকের বলে ক্রিস গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ৪ বলে ৭ রান করে ফেরেন সাহিবজাদা ফারহান।
ফখর জামান কিছুটা প্রতিরোধ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। ২৬ বলে ৪৫ রান করেন তিনি, ইনিংসে ছিল তিনটি করে চার ও ছক্কা। অষ্টম ওভারে টাইমাল মিলসের বলে বোল্ড হয়ে থামেন ফখর। মিলস ১৩ রান খরচায় ১ উইকেট নেন।
জো ক্লার্ক ১১ বলে ১৮ রান করে ট্রেন্ট বোল্টের বলে টবি আলবার্টের হাতে ক্যাচ দেন। বোল্ট ২৩ রান দিয়ে ১ উইকেট নেন। ফাহিম আশরাফ ৭ বলে ২০ রান করলেও হিলাল আফগানের বলে ডেভিড উইসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
বল হাতেও কার্যকর ছিলেন উইসে। ১৪ রান দিয়ে ইফতিখার আহমেদ ও আব্বাস আফ্রিদিকে ফেরান তিনি।
এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে এমিরেটস ঈগলস। চতুর্থ স্থানে থাকা ইউনাইটেড টাইগার্স ও তৃতীয় স্থানে থাকা ইউএই বুলসের পয়েন্ট সমান হয়েছে। ১০ ম্যাচ শেষে তালিকার শীর্ষে থেকে আগেই ফাইনাল নিশ্চিত করেছে ইয়াস লায়ন্স।


-6de71a.gif)