কনুইয়ের চোটে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হাসান মাহমুদের, ফিরছেন দেশে

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। এর মধ্যেই দল খেল আরও বড় ধাক্কা। ছন্দে থাকা পেসার হাসান মাহমুদ দক্ষিণ আফ্রিকা সিরিজে আর খেলতে পারছেন না।
ডান কনুইয়ের চোটে পড়ায় দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি অংশ থেকে হাসান ছিটকে গেছেন। তিনি এখন দেশে ফিরছেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। ফলে সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাঁর খেলা হচ্ছে না। এমনকি সাদা বলের সিরিজেও খেলতে পারছেন না তিনি।
চোট থেকে সেরে উঠতে যেন পর্যাপ্ত সময় পান, এ কারণেই দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি অংশ থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কথাও মাথায় রাখা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ের ফিটনেস নিয়ে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন বলে আশা বিসিবির।
২০২৪ সাল থেকে সদ্য শেষ হওয়া জোহানেসবার্গ টেস্ট পর্যন্ত টেস্ট ক্রিকেটে হাসান খেলেছেন ২০ ম্যাচ। ২৮ দশমিক ৭৭ গড়ে নিয়েছেন ৬৩ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন পাঁচবার—সেই পাঁচটি আবার পাঁচটি ভিন্ন ভেন্যুতে: চেন্নাই, রাওয়ালপিন্ডি, ডারউইন, আবুধাবি ও সিলেট। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকও করেছেন তিনি। গতকাল শেষ হওয়া জোহানেসবার্গ টেস্টে পেয়েছেন ৪ উইকেট। পিছিয়ে পড়া বাংলাদেশের জন্য হাসানের না থাকা বড় ধাক্কাই বলা চলে।
সিরিজ বাঁচাতে শেষ টেস্টে জয়ের কোনো বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের। সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট। লাল বলের সিরিজ শেষে সাদা বলের সিরিজ খেলবে দুই দল। ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত হবে তিনটি ওয়ানডে। তিনটি টি-টোয়েন্টি হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।
বাংলাদেশ দলের চলতি দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশে তিন সংস্করণে তিন অধিনায়ক পাচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। চোটে পড়ায় টেস্ট ও ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম, ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন কেশব মহারাজ।


-6de71a.gif)