কারাগারের ১১৩ ইউরোতেই বেশি সুখী ছিলেন, এখন ধর্মপ্রচারক দানি আলভেস

বার্সেলোনা ও ব্রাজিলের সাবেক রাইট-ব্যাক দানি আলভেস এখন ফুটবল মাঠের বদলে ধর্মীয় মঞ্চে দাঁড়ান। সম্প্রতি এক ধর্মীয় সমাবেশে ৪৩ বছর বয়সী আলভেস বলেন, কারাগারে কাজ করে পাওয়া ১১৩ ইউরোতেই তিনি বেশি সুখী ছিলেন, অথচ একসময় তিনি লাখ লাখ ইউরো আয় করতেন।
বার্সেলোনার কাছে ব্রিয়েন্স ২ কারাগারে প্রায় ১৪ মাস কাটানোর স্মৃতি মনে করে কথাগুলো বলেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘যখন আমি লাখ লাখ ইউরো আয় করতাম, তার চেয়ে বেশি সুখী ছিলাম কারাগারে ১১৩ ইউরো আয় করে।’
নিজের বদলে যাওয়া জীবন নিয়ে আলভেস লিখেছেন, ‘আমি ৪০ বছর বন্দী ছিলাম, কিন্তু কারাগারেই আমি সত্যিকারের মুক্ত হয়েছি। ৪০ বছর আমি আমার পাপ, আমার ভুল আর আমার সিদ্ধান্তের কাছে বাঁধা ছিলাম।’
বার্সেলোনার পরিসংখ্যান অনুযায়ী, ক্যারিয়ারে ৪৬টি শিরোপা জিতেছেন আলভেস। কাতালান ক্লাবটির হয়ে ৪০৯ ম্যাচে করেছেন ২৩ গোল ও জিতেছেন ২৩টি ট্রফি, যার মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও ছয়টি লা লিগা। জুভেন্টাসের হয়ে জিতেছেন সিরি আ, পিএসজির হয়ে দুবার ফরাসি লিগ। ব্রাজিলের জার্সিতে খেলেছেন ১২৬ ম্যাচ, জিতেছেন ২০০৭ ও ২০১৯ সালের কোপা আমেরিকা এবং ২০০৯ ও ২০১৩ সালের কনফেডারেশনস কাপ।
২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে। ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আদালত তাঁকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। বিচারের আগেই প্রায় ১৪ মাস কারাগারে কাটিয়েছিলেন তিনি। সে বছরের মার্চে ১০ লাখ ইউরো জামিনে সাময়িক মুক্তি পান।
২০২৫ সালের মার্চে কাতালোনিয়ার উচ্চ আদালত আপিলে আগের রায় বাতিল করে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, আগের রায়ে বেশ কিছু অসংগতি ছিল এবং তাঁকে নির্দোষ ধরে নেওয়ার অনুমান নাকচ করার মতো যথেষ্ট প্রমাণ ছিল না।
সম্প্রতি আর্জেন্টিনা সফর করে ধর্মীয় বক্তৃতা দিয়েছেন আলভেস। পাশাপাশি তিনি পর্তুগালের ক্লাব সাও জোয়াও দি ভেরের সহমালিকও।
তবে তাঁর ব্যক্তিগত জীবনে টানাপোড়েন চলছে। আলভেসের স্ত্রী স্প্যানিশ মডেল জোয়ানা সানজের সঙ্গে ২০১৭ সালে তাঁর বিয়ে হয় এবং ২০২৫ সালের অক্টোবরে তাঁদের কন্যাসন্তান জন্মেছে। ১৩ নভেম্বর ইনস্টাগ্রামে এক অনুসারীর প্রশ্নের জবাবে জোয়ানা লেখেন, তিনি ধর্মে বিশ্বাসী নন এবং স্বামীর কাজ যত দেখছেন, ধর্মের প্রতি তাঁর দূরত্ব তত বাড়ছে। তিনি আরও জানান, তাঁরা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুজনের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। সাংবাদিক হাভি ওয়োসের বরাতে বলা হয়েছে, ধর্মীয় প্রচারের কাজে আলভেসের ঘন ঘন বিদেশ সফরের কারণে জোয়ানা ক্রমেই একা হয়ে পড়ছিলেন।
১৫ নভেম্বর ‘মিনিস্তেরিও দে আদোরাসিওন’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলভেসের ধর্মীয় বার্তা ছড়িয়ে পড়ে, যেখানে তিনি বলেন, কারাগারের কঠিন সময়ে বন্ধুবান্ধব ও কাছের মানুষেরা সরে গেলেও যিশু তাঁর পাশে ছিলেন। পরদিন ১৬ নভেম্বর জোয়ানা পাল্টা লেখেন, কারাগারে তিনি আলভেসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, নিজের পরিবারের সঙ্গে না থেকে বড়দিন কাটিয়েছেন স্বামীর সঙ্গে এবং নিজের অর্থে মিটিয়েছেন আলভেসের বিল ও ঋণ। এগুলো জোয়ানার ব্যক্তিগত দাবি, যা তিনি সামাজিক মাধ্যমেই জানিয়েছেন। এ নিয়ে আলভেস এখনো প্রকাশ্যে কোনো জবাব দেননি।
এর মধ্যেই সামনে এসেছে আরেকটি আর্থিক মামলা। ১২ নভেম্বর সাও পাওলোর একটি আদালত আলভেসের দুটি সম্পত্তি ও একটি পোর্শে গাড়ির মালিকানা হস্তান্তর অবরুদ্ধের নির্দেশ দেন। প্রায় ৭০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল পাওনা দাবিতে মামলাটি করেছে জিএডি ফুন্দো দি ইনভেস্তিমেন্তো এম দিরেইতোস ক্রেদিতোরিওস নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা।
প্রতিষ্ঠানটির দাবি, ২০২১ সালে সাও পাওলো ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের পর আলভেসের পাওনা অর্থের অধিকার তারা কিনে নেয়, কিন্তু চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ পরে বন্ধ হয়ে যায়। আদালতের এই নির্দেশ সম্পত্তি বাজেয়াপ্তের চূড়ান্ত সিদ্ধান্ত নয়, মামলাটি এখনো বিচারাধীন এবং ৭০ লাখ রিয়াল প্রতিষ্ঠানটির দাবি করা অর্থ, আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত দেনা নয়। এ বিষয়েও আলভেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো জবাব আসেনি।


-6de71a.gif)
