২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বিসিবির, পাকিস্তান ও শ্রীলঙ্কার ইতিবাচক সাড়া
২০২৭ সালের এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় দেওয়া এ প্রস্তাবে দুই দেশের ক্রিকেট বোর্ডই ইতিবাচক সাড়া দিয়েছে।
এ বিষয়ে আলোচনার সঙ্গে সম্পৃক্ত বিসিবির এক কর্মকর্তা শুক্রবার ক্রিকবাজকে বলেন, এশিয়া কাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং দুটি দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।
তবে সিরিজটি এখনো চূড়ান্তভাবে ঘোষণা করার পর্যায়ে আসেনি বলে ওই কর্মকর্তা জানান। যেহেতু প্রস্তাবটি বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং দুটি দেশই তা বিবেচনা করছে, তাই এখনই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব হচ্ছে না। সিরিজটিতে অংশ নেবে কি না, সে বিষয়ে তারা পরে নিজেদের সিদ্ধান্ত জানাবে এবং বিসিবি দুই বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
সিরিজটির সময়সূচি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভির দেওয়া তথ্য সঠিক নয় বলে স্পষ্ট করেছে বিসিবি। শুক্রবার পাকিস্তানে সাংবাদিকদের কাছে নাকভি বলেছিলেন, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সবশেষ এই টুর্নামেন্টের আয়োজক ছিল ২০১৬ সালে, যেখানে টি-টোয়েন্টি সংস্করণের সেই আসরে রানার্সআপ হয়েছিল স্বাগতিকেরা।
তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অধীনে ২০২৭ এশিয়া কাপই হতে যাচ্ছে প্রথম কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট।

-6de71a.gif)
