বার্সেলোনাকে আতিথ্য দেওয়ার আগে সুমগাইতকে ৫-১ গোলে উড়িয়ে লিগের শীর্ষে সাবাহ
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে আতিথ্য দেওয়ার আগে আজারবাইজান লিগে বড় জয় পেয়েছে সাবাহ। সুমগাইতের বিপক্ষে ৫-১ গোলের জয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে ক্লাবটি। ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাবাহ।
স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে সাবাহ। সেই ম্যাচের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। প্রস্তুতির অংশ হিসেবেই সুমগাইতের বিপক্ষে লিগের হোম ম্যাচটি এগিয়ে এনে শুক্রবার আয়োজন করা হয়।
বার্সেলোনা ম্যাচের প্রস্তুতির শুরুটা হয়েছে দীর্ঘ বিশ্রামের মাধ্যমে। বড় জয়ে আত্মবিশ্বাসে ভরপুর দলটি কাতালান জায়ান্টদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়ে রেখেছে।
ম্যাচের পর সাবাহর কোচ ভালদাস দামব্রাউস্কাস বার্সেলোনা ম্যাচ নিয়ে বলেন, ‘বার্সেলোনার বিপক্ষে ম্যাচে আমরা একটি চমৎকার গল্প লেখার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স লিগ তো উপভোগ করার জন্যই তৈরি।’ তিনি আরও বলেন, তাঁর দল এই ম্যাচে কেবল প্রতিপক্ষের কাছে হার মেনে নেওয়ার মানসিকতা নিয়ে নামবে না; বরং ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
বার্সেলোনা ম্যাচের জন্য ভেন্যুও বদলে ফেলছে সাবাহ। ৮ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন নিজস্ব মাঠ ব্যাংক রেসপুব্লিকা অ্যারেনা ছেড়ে ম্যাচটি হবে ৬৮ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন বাকু অলিম্পিক স্টেডিয়ামে।

-6de71a.gif)
