গোল করে হাজারের আরও কাছে রোনালদো, তবু পেনাল্টি মিসের দিনে হারল আল নাসর
সৌদি প্রো লিগে আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। ম্যাচে একটি গোল করে ক্যারিয়ারের হাজার গোলের মাইলফলক থেকে দূরত্ব ১৪-তে নামিয়ে আনলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড; ফলে ব্যক্তিগত অর্জনের পথে এগিয়েও দলকে জেতাতে পারেননি তিনি।
ম্যাচের ১৫তম মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে দূরের পোস্টে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এটি চলতি মৌসুমে ক্লাবের হয়ে তাঁর দশম গোল এবং সব মিলিয়ে ক্যারিয়ারের ৯৮৬তম গোল।
তবে গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর চার মিনিট পর বক্সের ভেতর নাওয়াফ আল-বুশাইল ফাউলের শিকার হলে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় আল নাসর, কিন্তু স্পটকিক থেকে রোনালদোর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।
এ নিয়ে চলতি মৌসুমে আল নাসরের হয়ে নেওয়া দুটি পেনাল্টিতেই ব্যর্থ হলেন রোনালদো। সৌদি প্রো লিগে এই প্রথম টানা দুই পেনাল্টিতে গোল করতে পারলেন না পর্তুগিজ তারকা।
প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে আল আহলিকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যালেনো।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকেরা। পেনাল্টি থেকে ইংলিশ স্ট্রাইকার আইভান টনির গোলে এগিয়ে যায় আল আহলি; এটি চলতি মৌসুমে লিগে তাঁর ১৪তম গোল।
এর চার মিনিট পর রজার ইবানেজের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আল আহলি।
এই হারে লিগে দ্বিতীয়বারের মতো পরাজয়ের স্বাদ পেলেও পয়েন্ট তালিকার তিন নম্বরেই আছে আল নাসর। অন্যদিকে জয় পেয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি।

-6de71a.gif)
